
্রাজিল থেকে পচা গম আমদানি করেছেন, না দেশে আসার পর গম নষ্ট হয়েছে? এই কথা শুনতে শুনতে কান ঝালাপালা খাদ্যমন্ত্রীর। বিপদ থেকে উদ্ধার পেতে তিনি যা বলতে বা করতে পারেন সেগুলোই দেখাচ্ছে রস+আলো।
* ব্রাজিল থেকে আনা এসব গমের চমৎকার একটা বিজ্ঞাপন বানানো যেতে পারে। যেখানে থাকতে পারেন বিশেষজ্ঞ থেকে শুরু সেলিব্রিটি চিকিৎসক, পুষ্টিবিদ ও বুদ্ধিজীবীরা। তাঁরা নিজেরা গমের তৈরি রুটি খেয়ে প্রমাণ করে দিতে পারেন, এই গম ভালো গম! তবে অবশ্যই বিজ্ঞাপনের সময় ব্রাজিলের পচা গম ব্যবহার করা যাবে না!
* চ্যানেলে চ্যানেলে এখন রান্নার অনুষ্ঠানের ধুম পড়েছে। অতএব এখনই সময় ‘ব্রাজিলের গম হেঁশেল গরম’ শিরোনামে রান্নার একটি রিয়েলিটি শো চালু করার। এই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী নিজেই ব্রাজিলের গম দিয়ে বিভিন্ন পদের রান্না করে দেখাতে পারেন। এ ছাড়া বিভিন্ন অঙ্গনের তারকা থাকলে তো কথাই নেই।

* ব্রাজিল ফুটবল দলের ভক্তদের কোনোভাবে বোঝাতে পারলেই কেল্লাফতে! তাদের বোঝাতে হবে যে এই গম খেয়েই মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখান স্বয়ং নেইমার থেকে শুরু করে মার্সেলোরা। গম তো চলবেই, উপরি হিসেবে আরও কয়েক গুণ দামে বিক্রি করাও সহজ হবে।
* ব্রাজিলের পচা গম পুলিশ সদস্যদের খাওয়ানো শুরু হয়ে গেছে। বিরোধী দলের যাঁরা কারাগারে আছেন, তাঁদেরও এই গমের রুটি খাওয়ানো যেতে পারে।
* কোনো বুদ্ধিই যদি কাজে না লাগে, তখন এই বুদ্ধিই ভরসা। সংবাদ সম্মেলন ডেকে বিরোধী দলের ওপর সব দোষ চাপিয়ে দিতে হবে। বলতে হবে, ‘আসলে এই গমগুলোর বস্তায় পালিত পোকামাকড় ছেড়ে দিয়েছে বিরোধী দল। তাই এই গম খেয়ে বিরোধী দলের প্রতি আপনাদের তিরস্কারের প্রকাশ করুন।’