পরিবেশ রক্ষায় তরুণদের ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ছেলে মুরাদ আহমেদ খান হাওর অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও বনায়নের ব্যাপারে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনার মানুষদের সচেতন করেছেন। অন্যদিকে প্লাস্টিক দূষণ বিষয়ে কলেজের সহপাঠীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিলেন রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী ইশরাত জাহান। পরিবেশবাদী সংস্থা দ্য আর্থ সোসাইটির ‘ক্লাইমেট ক্যাম্প’ উদ্যোগে সাড়া দিয়ে ইশরাত-মুরাদের মতো প্রায় ৫০ তরুণ তাঁদের আশপাশের পরিবেশসংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উদ্যোগ নিয়েছেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ক্লাইমেট ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল, তরুণদের অংশগ্রহণের মাধ্যমে এমন প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে পৃথিবীর ক্ষত সারাতে সাহায্য করবে। ৬ জুন অনুষ্ঠিত হলো ক্লাইমেট ক্যাম্পের ভার্চ্যুয়াল সমাপনী অনুষ্ঠান। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু সংসদ বাংলাদেশের আহ্বায়ক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রুপ পিটারসন, ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশনের কান্ট্রি লিড মনোয়ার মোস্তফা ও ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক জলবায়ু কার্যক্রম ও পরিবেশ দূষণ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করার পাশাপাশি, বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে হবে। এতে করে তথ্যের প্রাপ্যতা নিশ্চিতকরণের মাধ্যমে এক দিকে যেমন মানুষকে সচেতন করা যাবে, অন্যদিকে পরিবেশসংক্রান্ত নীতিমালার বাস্তবায়নও জোরদার হবে। আলোচনা পর্ব শেষে ক্লাইমেট ক্যাম্পের সংগঠক ও অংশগ্রহণকারীদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজক সংস্থা দ্য আর্থ সোসাইটির সহপ্রতিষ্ঠাতা শাকিলা সাত্তার জানান, ক্লাইমেট ক্যাম্পের আওতায় ৫০ জন স্থানীয় আয়োজকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৪৫০ জন তরুণ অংশ নেন। তিনি বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমরা অঞ্চলভিত্তিক পরিবেশগত সমস্যা ও এর সমাধানে ওই অঞ্চলের বাসিন্দাদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করেছি। এ কারণে ক্লাইমেট ক্যাম্পের অঞ্চলভিত্তিক আয়োজনের দায়িত্ব স্থানীয় মানুষের কাঁধে ছিল। কেন্দ্রীয় আয়োজক হিসেবে আমরা পরিবেশগত সমস্যা ও এর সমাধানে সাধারণ মানুষের ভাবনাগুলোকে একীভূত করেছি।’ শাকিলা জানান, শিগগিরই এসব ভাবনা থেকে তিনটি ভাবনাকে সেরা হিসেবে বাছাই করা হবে। পরে ভাবনাগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়ার চেষ্টা করবে দ্য আর্থ সোসাইটি।