পরীক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা করতে ঢাবি শিক্ষক সমিতির অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষাগুলো আগামী ১৫ জুন থেকে পর্যায়ক্রমে (মাস্টার্স থেকে প্রথম বর্ষ পর্যন্ত) সশরীর নেওয়ার উদ্যোগ নিতে উপাচার্যকে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একই সঙ্গে পরীক্ষা চলাকালে শুধু পরীক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছে সংগঠনটি।

গতকাল রোববার উপাচার্য আখতারুজ্জামানকে লেখা এক চিঠিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এসব অনুরোধ জানান।

উপাচার্যকে মোট সাতটি অনুরোধ জানিয়েছে শিক্ষক সমিতি৷ অন্য পাঁচটি অনুরোধ হলো—সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার টিকা নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া; প্রচলিত বিধান অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নৈমিত্তিক ও চিকিৎসা ছুটি আইনি কাঠামোর মাধ্যমে নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা; শিক্ষকদের পদোন্নতিসহ অন্যান্য প্রশাসনিক বিষয় দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং করোনাকালে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে সেবার মানোন্নয়ন ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

চিঠিতে সমিতির নেতারা উপাচার্যকে বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার পরিবেশ উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বাত্মক সহযোগিতা দিতে সব সময় প্রস্তুত।