পাঁচ বছরের কোর্স ১০ বছরেও শেষ হচ্ছে না
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটে পড়েছেন। বিভাগের শিক্ষকদের মধ্যে অন্তর্কোন্দল থাকায় নিয়মিত ক্লাস-পরীক্ষা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফল প্রকাশেও হচ্ছে বিলম্ব। এ অবস্থায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তরের পাঁচ বছরের কোর্স প্রায় ১০ বছরেও শেষ করতে পারছেন না।
বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের যাত্রা শুরু ১৯৮৮ সালে। এখন এ বিভাগে মোট ১০টি ব্যাচে শিক্ষার্থী আছেন ৮০০ জন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সঠিক সময়ে পরীক্ষা ও ফলাফল প্রকাশিত হলে বিভাগে এখন পাঁচটি ব্যাচ থাকত।
২০০৬-০৭ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আইন বিভাগে পড়ছি ১০ বছর ধরে। আমাদের মাস্টার্সের পরীক্ষা হয়েছে নয় মাস আগে, কিন্তু এখনো ফল পাইনি। স্যারদের সঙ্গে কথা বললেও তাঁরা এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেন না। চাকরির যোগ্যতায় মাস্টার্স চাওয়ায় আমরা অনেক জায়গায় আবেদনও করতে পারছি না।’
আইন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী বলেন, এই দুর্ভোগের মূল কারণ হচ্ছে বিভাগের শিক্ষকদের সমন্বয়হীনতা ও অন্তর্কোন্দল।
এই অন্তর্কোন্দল দীর্ঘদিনের। বর্তমানে তা প্রকট হয়েছে। বিভাগের ১৭ জন শিক্ষক দুই ভাগে বিভক্ত। একটি পক্ষ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান মণ্ডলের, অপর পক্ষটি বিভাগের শিক্ষক অধ্যাপক জহুরুল ইসলামের।
শিক্ষার্থীরা আরও বলেন, এক পক্ষের কেউ বিভাগের কোনো দায়িত্বে থাকলে অপর পক্ষের শিক্ষকেরা তাঁকে অসহযোগিতা করেন। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে শিক্ষকেরা বিভাগের শিক্ষা বা পরীক্ষাসংশ্লিষ্ট বিষয়ে কখনো একমত হতে পারেন না। এক পক্ষ কোনো সিদ্ধান্ত নিলেও অপর পক্ষের বিরোধিতার কারণে তা বাস্তবায়িত হয় না। এমনকি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের না পড়িয়ে এক শিক্ষক অপর শিক্ষকের বিরুদ্ধে বিষোদ্গার করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকেরা নিয়মিত ক্লাস নেন না। কিছু শিক্ষক পরীক্ষার আগে কোনো রকম দায়সারা ক্লাস নিয়ে বিষয় (কোর্স) শেষ করে দেন। এভাবে ওই বিষয়ের জন্য বরাদ্দ করা নির্দিষ্টসংখ্যক ক্লাস না হওয়ায় তাঁরা বিপদে পড়েন। আবার শিক্ষকদের ঝামেলার কারণে নির্ধারিত সময়ে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা হচ্ছে না।
সেশনজটের মূলে আরেকটি কারণ হলো ফল প্রকাশে বিলম্ব হওয়া। অনেক শিক্ষকই নির্দিষ্ট সময়ে পরীক্ষার খাতা জমা দেন না। বিভাগের স্নাতক পর্যায়ের এক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে বলেন, ‘শিক্ষকদের দ্বন্দ্বের বলি আমরা কেন হব? শিক্ষকদের কোন্দলের কারণে আজ আমরা বাড়িতে পর্যন্ত বলতে পারি না যে কবে পড়াশোনা শেষ হবে। মনে হচ্ছে, আইন বিভাগে পড়তে এসে অনেক বড় অপরাধ করে ফেলেছি।’
বিভাগ-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর বিভাগের একজন শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ডকে কেন্দ্র করে শিক্ষকেরা দ্বিমুখী অবস্থানে রয়েছেন। বিভাগের চেয়ারম্যানসহ কয়েকজন নিয়োগের পক্ষে আর অপর পক্ষ নিয়োগের বিপরীতে অবস্থান নিয়েছে। নিয়োগের জন্য নির্বাচনী বোর্ড হওয়ার পর থেকে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। গত বছরের ১৯ ডিসেম্বর থেকে এ বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত অধ্যাপক জহুরুল ইসলাম পক্ষের শিক্ষকেরা সব ক্লাস-পরীক্ষা থেকে বিরত থাকেন।
ওই সময়ে বিভাগের শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষার দাবিতে বিভাগ ও অনুষদ ভবনে কয়েক দফা তালা দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একই দাবিতে স্মারকলিপি পেশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ২৩ জানুয়ারি থেকে শিক্ষকেরা ক্লাসে ফিরলেও তাঁরা চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। এখনো পুরোদমে ক্লাস শরু হয়নি। এ বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষকদের আন্দোলনের মুখে চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান মণ্ডল গত ১৯ ফেব্রুয়ারি ছুটিতে গেছেন। তিনি ১৭ ফেব্রুয়ারি প্রথম আলোকে বলেন, বিভাগের শিক্ষকদের অন্তর্কোন্দল দীর্ঘদিন ধরে চলছে; যা সময়ে সময়ে ব্যক্তিস্বার্থের কারণে বিভিন্নভাবে বদলে গেছে। শিক্ষকদের অনুমতিবিহীন ছুটি কাটানো, নিয়মিত ক্লাস না নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া, তাঁদের নিয়মবহির্ভূত কর্মকাণ্ড এবং অসহযোগিতার কারণেই মূলত বিভাগের আজকের এই জটিলতা। আন্দোলনরত শিক্ষকদের অনুরোধে ও বিভাগের শিক্ষার্থীদের মঙ্গল বিবেচনা করে তিনি চার সপ্তাহের ছুটির জন্য আবেদন করেন। এরপর অধ্যাপক জহুরুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ছুটি শেষে গতকাল শনিবার অধ্যাপক শাহজাহান মণ্ডল আবার বিভাগে যোগ দেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, আইন বিভাগের শিক্ষকদের কোন্দলের বিষয়টি সুরাহা করা হয়েছে। সেশনজট নিরসন করে বিভাগকে গতিশীল করতে সব ধরনের চেষ্টা চলছে।