প্রাথমিকের শিক্ষকেরা গ্রেড-১৩ তে বেতন পাবেন শিগগিরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উচ্চ ধাপে বেতনসহ ভাতা সুবিধা পাচ্ছেন শিগগিরই। শিক্ষকদের বেতন উচ্চ ধাপে নির্ধারণের লক্ষ্যে ‘আইবাস++’ সফটওয়্যার আপগ্রেড করা হচ্ছে। আর এ কারণে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে এবং উচ্চ ধাপে বেতন পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।


গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন) থেকে বেতন গ্রেড-১৩ তে উন্নীত করে উচ্চ ধাপে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস++’ এর মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষকদের উচ্চ ধাপে বেতন নির্ধারণের লক্ষ্যে ‘আইবাস++’ সফটওয়্যার আপগ্রেডের কাজ চলমান, যা শিগগিরই সম্পন্ন হবে।

মাঠ পর্যায়ে ‘আইবাস++’ এ বেতন নির্ধারণে সাময়িক অসুবিধার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে এসেছে। আশা করা হচ্ছে দ্রুত ‘আইবাস++’ আপগ্রেডেশন সম্পন্ন হবে এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে পারবে।


বর্তমানে সারা দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৫২ হাজার সহকারী শিক্ষক আছেন। তাঁদের ৬০ শতাংশই নারী। জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতনের দীর্ঘদিনের দাবির পর গত ৯ ফেব্রুয়ারি এ শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতনে দেওয়ার সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১৩তম গ্রেডের প্রজ্ঞাপন জারির পর থেকে এই গ্রেডের সুবিধাপ্রাপ্তি নিয়ে নানা জটিলতা দেখা দেয়। এরপরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে এসব কথা জানাল।