প্রোডাকশন সহকারী থেকে ওয়াল্ট ডিজনির নির্বাহী চেয়ারম্যান
দ্য ওয়াল্ট ডিজনির নির্বাহী চেয়ারম্যান ও চেয়ারম্যান অব দ্য বোর্ড—রবার্ট অ্যালেন আইগার। ২২ মে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের ১৩৮তম সমাবর্তনে বক্তৃতা দেন তিনি। পড়ুন সেই বক্তৃতার নির্বাচিত অংশের অনুবাদ।
তোমরা যারা সারা বছর ধরে কোয়ারেন্টিন, জুম ক্লাস, মাস্ক আর যন্ত্রণাদায়ক কোভিড টেস্টের মধ্যেও আজ সমাবর্তন পাচ্ছ, সবাইকে শুভেচ্ছা।
আজ তোমাদের সামনে কী বলব, তা নিয়ে আমি অনেক ভেবেছি। ভাবতে ভাবতে ফিরে গিয়েছিলাম ৪৮ বছর আগে, আমার নিজের সমাবর্তনের দিনে। পুরোনো কথা মনে করতে গিয়ে দেখলাম, আমার আদতে নিজের সমাবর্তনের তেমন কোনো স্মৃতিই মনে নেই। সেদিন কে যে বক্তৃতা দিয়েছিলেন, মনেই করতে পারলাম না। তবে তোমরা সৌভাগ্যবান, তোমাদের হাতে এখন ক্যামেরাসমেত ফোন আছে। তাই ৫০ বছর পরও আজকের দিনের ছবি দেখে মনে করতে পারবে, তোমাদের সমাবর্তনের বক্তা ছিলাম আমি।
আমার সমাবর্তনের কোনো স্মৃতি মনে না থাকলেও এটুকু স্পষ্ট মনে আছে—সে সময় আমি ছিলাম টগবগে তরুণ এক শিক্ষার্থী, যার ভবিষ্যৎ জীবন নিয়ে কোনো ধারণা ছিল না। স্বপ্নেও কোনো দিন ভাবিনি একদিন আমি নিজে কোনো সমাবর্তনের বক্তা হয়ে মঞ্চে উঠব। সত্যিই এই অনুভূতি ভীষণ গর্ব ও আনন্দের। এটাও কোনো দিন ভাবিনি যে আমি একসময় চার সন্তানের বাবা হব, আর তাদেরই একজনের সমাবর্তন অনুষ্ঠানে এসে বক্তৃতা দেব। হ্যাঁ, আমার ছেলে ম্যাক্সও আজ সমাবর্তন পাচ্ছে। জানি, এই ভিড়ের মধ্যে কোথাও বসে সে নিশ্চয়ই খুব বিব্রত হচ্ছে। কিন্তু ওর কথা কী করে না বলে থাকি!
মনে রাখতে হবে, ভীরু না হওয়া মানেই কিন্তু সাহসিকতা নয়। ভয়, শঙ্কা আর অনিশ্চয়তার মধ্যেও দ্রুত ও অর্থবহ সিদ্ধান্ত নেওয়া হলো সাহসিকতা।
সাহসে হোক শুরু
ম্যাক্সসহ আজ সবার উদ্দেশে বলতে চাই—আজকের দিন তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এটা একদিক থেকে যেমন বিদায়ের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে এটা দিচ্ছে নতুন শুরুর আভাস। আমি জানি নতুন করে কিছু শুরু করার জন্য এই সময়টা বড্ড বেমানান, অস্থিরতায় ভরা। সামনে কঠিন সব প্রতিকূলতা অপেক্ষা করছে। আর এসব উতরে যাওয়ার সহজ কোনো সমাধানও নেই। কিন্তু এই প্রতিকূলতাগুলো যেমন জটিল, তেমনই রোমাঞ্চে ভরপুর। তাই আজ ঠিক করেছি, এমন কিছু উপদেশ দিই যা আগামী দিনে তোমাদের প্রতিকূলতাগুলোকে সম্ভাবনায় বদলে দিতে পারে।
যেখানেই যাই ঘুরেফিরে দুটো প্রশ্নের জবাব আমাকে বারবার দিতে হয়। একটি হলো, ‘আপনার প্রিয় ডিজনি চরিত্র কোনটি?’ আরেকটি প্রশ্ন—‘আপনার সাফল্যের মূলমন্ত্র কী?’ প্রথম প্রশ্নের উত্তর—আমার প্রিয় ডিজনি চরিত্র হলো টিংকারবেল। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর—সাফল্যের মূলমন্ত্র হলো সাহস, চেষ্টা করে যাওয়ার স্পৃহা।
নিজের অভিজ্ঞতা, গুরু আর বন্ধুদের কাছ থেকে আমি শিখেছি, জীবনের অর্থবহ অর্জনগুলোর জন্য সাহসী হতে হয়। ভীরু হয়ে কেউ কোনো দিন কোথাও পৌঁছাতে পারে না।
মনে রাখতে হবে, ভীরু না হওয়া মানেই কিন্তু সাহসিকতা নয়। ভয়, শঙ্কা আর অনিশ্চয়তার মধ্যেও দ্রুত ও অর্থবহ সিদ্ধান্ত নেওয়া হলো সাহসিকতা। প্রতিকূল পরিস্থিতি আর স্রোতের বিপরীতে বুক চেতিয়ে দাঁড়ানো হলো সাহসিকতা। সততা আর নিষ্ঠা অটল রেখে সঠিক কাজ করে যাওয়া হলো সাহসিকতা। যেকোনো সময়, যে কারও কাছ থেকে শেখার আগ্রহ আর সব সময় নতুন কিছু শুরু করার জন্য প্রস্তুত থাকা হলো সাহসিকতা।
স্বপ্ন দেখছ তো?
সাহসী হওয়ার পূর্বশর্ত হলো বড় করে স্বপ্ন দেখা। বয়স ২০-এর ঘরে ঢুকে গেলে কোনো স্বপ্নকেই ‘আকাশছোঁয়া’ বলা যাবে না। স্বপ্ন যত বড়ই হোক না কেন, তার বাস্তবায়ন নাগালের মধ্যেই থাকে। তোমরা সবাই এখন ২০-এর ঘরেই আছ। তাই আবার বলছি, তোমাদের সামনে সীমাহীন সম্ভাবনা। আমার উপদেশ থাকবে—আশাবাদী হও, আত্মবিশ্বাসী হও এবং নিজের ও নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখো। বিশ্বাস রাখো, নিজের প্রতিটা স্বপ্ন পূরণ করার ক্ষমতা তোমার আছে। তোমরা সামর্থ্য-সম্ভাবনা কতটা, তা অন্যকে নির্ধারণ করতে দিয়ো না।
অপ্রতিরোধ্য হয়ে ওঠো। অবশ্য মানব ইতিহাসের অন্যতম কঠিন বছরটি সাফল্যের সঙ্গে পার করে তোমরা এরই মধ্যে নিজেদের প্রমাণ করেছ।
অপ্রতিরোধ্য, উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী, আশাবাদী আর স্বপ্নচারী—এই গুণগুলো শুধু তোমাকে ভবিষ্যতের জন্য তৈরিই করবে না, সেই সঙ্গে তোমাকে জীবনের সব ব্যর্থতার মোকাবিলা করতেও সাহায্য করবে।
আমি যখন তুমি ছিলাম
আমার বয়স যখন তোমাদের মতো ছিল, তখন স্বপ্ন দেখতাম বড় কোনো টিভি চ্যানেলের সংবাদ পাঠক হব। গ্র্যাজুয়েশনের পর একটা ছোট টিভি চ্যানেলে আবহাওয়ার খবর পড়ার চাকরি পাই। পরিকল্পনা ছিল, এই পথ ধরেই আস্তে আস্তে নিজের স্বপ্ন পূরণ করব। দুর্ভাগ্যবশত, অল্প কিছুদিনের মধ্যেই বুঝতে পারি আবহাওয়ার সংবাদ পাঠক হিসেবে আমি মোটেই উপযুক্ত নই। তখন ২৩ বছর বয়সে আমি আমার স্বপ্নের চাকরি ছেড়ে দিয়ে একেবারে নতুন কিছু শুরু করার জন্য পথে নামি। ওই সময় আমার জন্য ওটা একটা সাহসী সিদ্ধান্ত ছিল। কারণ, আমি জানতাম না এরপর কোথায় যাব, কী করব।
এরপর কোনো একভাবে আমি এবিসি নেটওয়ার্কে চতুর্থ শ্রেণির ‘প্রোডাকশন সহকারী’ হিসেবে ছোট একটা চাকরি পাই। কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই আমার বস আমাকে ডেকে বলেন, আমি এই চাকরির জন্য উপযুক্ত নই। আমাকে নতুন চাকরি খোঁজার জন্য দুই সপ্তাহ সময় দিয়ে বিদায় করে দেন।
এভাবেই হোঁচট খাওয়ার মধ্য দিয়ে শুরু হয় কর্মজীবন। প্রথম দুই বছর আমি ব্যর্থ হই, প্রত্যাখ্যাত হই, অনেক কথা শুনি। মুখের ওপর আমাকে বলা হয় আমি যোগ্য নই। কিন্তু আমি আরও একটা চাকরি পেয়ে প্রমাণ করে দিই যে আমার আগের বসের মূল্যায়ন ভুল ছিল। শুধু চাকরিই না, এরপর আমি পদোন্নতি পাই, কাজের স্বীকৃতি পাই, আর এর পরের বাকিটুকু তো তোমরা দেখছই...
মোদ্দা কথা হলো, এগিয়ে চলার পথে অনেক বাধা থাকবে, নিন্দুকের কথা থাকবে। তাতে কী? এটাই জীবন!
সাফল্যের সঙ্গেই আছে ব্যর্থতা
প্রায় প্রত্যেক সফল মানুষের জীবনে সংগ্রামের গল্প আছে, ব্যর্থতা আছে, আছে হেরে যাওয়ার স্মৃতি। স্টিভ জবসকে তাঁরই হাতে গড়া প্রতিষ্ঠান অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল। যিনি এই কাজটা করেছিলেন তিনি আজও এটা নিয়ে অনুশোচনায় ভোগেন। কল্পনাশক্তির অভাব—এই অভিযোগে ওয়াল্ট ডিজনিকে তাঁর প্রথম চাকরি, পত্রিকার কার্টুনিস্টের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। ভাবা যায়!
এই মানুষগুলো জীবনের একটা সময় পর্যন্ত পদে পদে হোঁচট খেয়েছেন। কিন্তু কখনো আশাহত হননি। স্বপ্ন দেখা ছেড়ে দেননি। সাহসের সঙ্গে স্বপ্ন দেখে গেছেন। আর আমরা তাঁদের দেখানো সেই পথই অনুসরণ করে যাচ্ছি, স্বপ্ন দেখে যাচ্ছি।
কয়েক বছর আগে, পিক্সারের একদল মেধাবী তরুণ আমাদের প্রস্তাব দেয় মেক্সিকোর ঐতিহ্যবাহী উৎসব ‘ডে অব ডেড’ নিয়ে একটা ছবি বানানোর। কিন্তু একদল লোক বলতে শুরু করল, এই ছবি নাকি সাড়া ফেলবে না। কারণ, এটা শুধু মেক্সিকোর একটা নির্দিষ্ট জাতিসত্তার কথা বলে। এটা বিশ্বের দর্শকদের ছুঁতে পারবে না। আদতে ঘটল ঠিক এর উল্টোটা। মুক্তির পর সারা বিশ্বের মানুষের মন ছুঁয়ে গেল কোকো। মেক্সিকোর সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব, বৈচিত্র্য সাড়া ফেলল সবখানে। একই অভিজ্ঞতা হয়েছিল মার্ভেলের ব্ল্যাক প্যান্থার ছবির বেলায়। কিন্তু আমাদের একটা সাহসী সিদ্ধান্ত ইতিহাসকেই বদলে দিল।
তাই বলব, আগামী দিনগুলোয় জীবনের যে পথকেই বেছে নাও না কেন, সাহসী হও। উচ্চাকাঙ্ক্ষী হও। আর হ্যাঁ, নিজের ওপর আস্থা রাখো। স্টিভ জবস বলেছিলেন, ‘যাঁরা বিশ্বাস করেন পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা তাঁদের আছে, তাঁরা সত্যিই একসময় তা করতে পারেন।’
সম্পর্কের মূল্য দিতে শেখো
জীবনে অনেক কঠিন সময় আসবে। সেই সঙ্গে অনেক ভালো দিনও আসবে। আমাদের প্রত্যেকের জীবনেই ভালো-খারাপ সবই আসে-যায়। আমাদের উচিত প্রতিটি দিনকে উদ্যাপন করা, জীবনের সুন্দর দিকগুলোর মূল্যায়ন করা।
আমি আশা করব, তোমরা জীবনকে উদার মনে আগলে নেবে। জীবনের ছোট ছোট সুখ আর প্রাপ্তিগুলোর মূল্যায়ন করবে। ব্যস্ত জীবনেও আশা করি একটা গোলাপের ঘ্রাণ নিতে বা আয়েশ করে পিৎজা খেতে ভুলবে না। বাইকে করে ঘুরতে যাও, সালসা শেখো, মন ভরে মিষ্টি খাও, ডিজনিল্যান্ডে যাও…জীবনটাকে উপভোগ করো। সুযোগের অপেক্ষা না করে সুযোগ তৈরি করে নাও। রোমাঞ্চিত হও, কৌতূহলী হও। নতুন নতুন অভিজ্ঞতায় যত পারো জীবনের ঝুলি ভরে নাও।
আর সবচেয়ে জরুরি—আশপাশের মানুষের সঙ্গে তোমার যে সম্পর্ক, সেই সম্পর্কের কদর করতে শেখো। সম্পর্কে বিনিয়োগ করো। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, সময় করে বাড়িতে কল করো, কথা বলো, বাড়ির মানুষের সঙ্গে সময় কাটাও। হলফ করে বলতে পারি, আপনজনদের পেছনে সময়ের বিনিয়োগ করে কখনো আফসোস হবে না।