পড়তে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা
দুর্যোগপ্রবণ বাংলাদেশকে কী করে একটি দুর্যোগ সহনশীল দেশে পরিণত করা যায়, তা মাথায় রেখে দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ‘দুর্যোগ ব্যবস্থাপনা’ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষা দেওয়া হচ্ছে। যুগোপযোগী এ বিষয়টির ব্যাপক চাহিদা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে চালু হয়েছে ‘ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারিবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস)’। ২০০৯ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধীনে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু থাকলেও ২০১২ সাল থেকে স্বতন্ত্র বিভাগ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) পড়ার সুযোগ তৈরি হয়েছে এই ইনস্টিটিউটে।
শিক্ষা কার্যক্রম ও ভর্তির যোগ্যতা: সেমিস্টার সিস্টেমে চার বছরের স্নাতক সম্মানে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বাভাবিক নিয়মে খ এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে অংশ নিতে হবে। অন্যদিকে, দুই বছরের স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে হলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং ন্যূনতম ২.৫ সিজিপিএ থাকতে হবে। তবে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের দুই বছরের পাস কোর্স ডিগ্রিধারী বা তিন বছরের স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
আইডিএমভিএসের পরিচালক মাহবুবা নাসরিন বলেন, ‘দুর্যোগ মোকাবিলা এবং যথাযথভাবে এর ব্যবস্থাপনা বর্তমানে বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টির কদর এখন প্রতিনিয়ত বাড়ছে। শুধু দেশেই নয়, বিদেশেও এই বিষয়ের ওপর রয়েছে অনেক সুযোগ ও সম্ভাবনা।’