ফেনীতে ১০০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
ফেনী জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (শিশু খাদ্য) পেল সরকার পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম জাকারিয়া, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রজত বিশ্বাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা আক্তার সানামসহ বিদ্যালয়ের শিক্ষকেরা।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বিবেচনা করে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ঈদ উপহারের প্রতি প্যাকেটে রয়েছে ১ কেজি চিনিগুঁড়া চাল, ১ কেজি চিনি, ১ কেজি সুজি, ২০ প্যাকেট বিস্কুট, ২০ প্যাকেট কেক, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ২৫০ গ্রাম গুঁড়া দুধ, ২০০ গ্রাম বাদাম।
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা আক্তার সানাম জানান, করোনায় বিদ্যালয় বন্ধ থাকায় তালিকা অনুসারে শিক্ষার্থীদের কাছে খাদ্যসামগ্রীগুলো পৌঁছে দেওয়া হচ্ছে।