বহিষ্কৃত আশিকুলের ক্লাসে ফেরা, বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন ৭ দিন স্থগিত
শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম ওরফে বিটুর ক্লাসে ফেরার প্রতিবাদে ডাকা আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গত শুক্রবার রাতে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ফেসবুক পেজে (বুয়েটিয়ান) এ তথ্য জানানো হয়েছে।
২৮ মে বুয়েটিয়ান পেজে বলা হয়েছে, বুয়েট প্রশাসনের আশ্বাসে আগামী সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এর মধ্যেই বুয়েট প্রশাসন তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। অন্যথায় আগামী সপ্তাহের পর সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আবারও কর্মসূচি গ্রহণ করা হবে। আবরার ফাহাদ হত্যার বিষয়ে শিক্ষার্থীরা কোনো আপস করবে না বলেও উল্লেখ করেন তাঁরা।
২২ মে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনলাইন ক্লাসে যোগ দেন আশিকুল ইসলাম বিটু। বুয়েটের বহিষ্কারাদেশের ওপর আদালত স্থগিতাদেশ দেওয়ায় বুয়েটও তাঁকে ক্লাসে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। তবে এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বুয়েটের কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তিনি আর ক্লাস করতে পারেননি। এ ঘটনায় বিটুকে পুনরায় স্থায়ী বহিষ্কারের জন্য কার্যকর পদক্ষেপ নিতে ২৯ মে পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। তা না হলে ৩০ মে থেকে ক্লাস বর্জনের আলটিমেটাম দেন তাঁরা। এ ছাড়া বিটুর ক্লাসে ফেরার প্রতিবাদে গত বৃহস্পতিবার বুয়েট ক্যাম্পাসে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে প্রায় দুই মাস অচল ছিল বুয়েট। ওই হত্যাকাণ্ডের ঘটনায় আশিকুলসহ ২৬ জনকে আজীবন বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় হওয়া মামলায় আশিকুলকে আসামি করেনি পুলিশ। বহিষ্কারাদেশের বিরুদ্ধে আশিকুলের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত ১০ ফেব্রুয়ারি বুয়েট কর্তৃপক্ষের বহিষ্কারাদেশ স্থগিত করেন। আশিকুল ওই স্থগিতাদেশ নিয়ে বুয়েট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে কর্তৃপক্ষ গত ৪ এপ্রিল তাঁকে ক্লাসে ফেরার অনুমতি দেয়।
এরপর আশিকুল ইসলাম কেমিকৌশল বিভাগের লেভেল-৩ টার্ম-১-এর অন্তত চারটি কোর্সে নিবন্ধন করেন। ২২ মে তিনি বিভাগের একটি কোর্সের অনলাইন ক্লাসে উপস্থিত হলে তীব্র প্রতিক্রিয়া হয়। তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ক্লাসের সব শিক্ষার্থী তাঁদের প্রাতিষ্ঠানিক জুম ও টিমস অ্যাকাউন্টে ‘খুনির সঙ্গে ক্লাসে অংশগ্রহণ নয়’ লেখা প্রোফাইল ছবি দেন। এ প্রতিবাদের মুখে আশিকুল ক্লাস থেকে বেরিয়ে যান।
২৪ মে সভা করে শিক্ষার্থীরা বুয়েট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আশিকুল ইসলামের কোর্স রেজিস্ট্রেশন বাতিল এবং আবরার ফাহাদ হত্যাকাণ্ড বা র্যাগিংয়ে সম্পৃক্ততার জন্য স্থায়ীভাবে বহিষ্কৃত কেউ যাতে আর একাডেমিক কার্যক্রমে ফিরতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে সব ব্যাচ সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছে কর্তৃপক্ষের কাছে ২৯ মের মধ্যে দাবিগুলো কার্যকর করার সময় বেঁধে দিয়েছে। দাবি পূরণ না হলে ৩০ মে থেকে একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
এদিকে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুয়েটের একাডেমিক কার্যক্রম হতে আজীবন বহিষ্কৃত ছাত্রের রিট পিটিশনের বিরুদ্ধে আপিল দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ–সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। আপিল দায়ের প্রক্রিয়াধীন, যা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।