বাংলাদেশি সাংবাদিকদের মোবাইল প্রশিক্ষণ দেবে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক প্ল্যাটফর্মের ব্যবহার, অনলাইন নিরাপত্তাসহ বাংলাদেশি সাংবাদিকদের মোবাইল প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে ফেসবুক। ফেসবুক ফান্ডামেন্টালস ফর নিউজ নামের এই প্রোগ্রাম সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং (সিআইআর), সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) এর সঙ্গে মিলিত হয়ে মোবাইল স্কিলিং পার্টনার বিগস্প্রিংয়ের মাধ্যমে ডিজিটালি প্রশিক্ষণটি দেবে ফেসবুক।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক এ কথা জানিয়েছে। বাংলাদেশে এক হাজারেরও বেশি সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ চালু করেছে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণের মোবাইল কারিকুলামটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পাওয়া যাবে। অনলাইন নিরাপত্তা, ফেসবুকের ব্যবহার এবং প্ল্যাটফর্মটিতে যথাযথ কীভাবে ভিডিও ব্যবহার করা যায়—এমন বিষয়গুলো এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত থাকবে। মোবাইল ও ওয়েবসাইটের মাধ্যমে প্রোগ্রামটিতে অংশগ্রহণ করা যাবে।

সাংবাদিকেরা অ্যাপল ও অ্যান্ড্রয়েড ফোনে এই প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। ফেসবুক বাংলাদেশি সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি শুরু হওয়া রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্সটিও এর অন্তর্ভুক্ত।

ফেসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, বিশ্বব্যাপী মানসম্মত সাংবাদিকতাকে সমর্থন করা এবং সাংবাদিকদের টুলস ও প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে ফেসবুক দৃঢ়প্রতিজ্ঞ। প্রোগ্রামটি শুরু করার আগে তাঁরা সংবাদ কমিউনিটি এবং তাঁদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের অংশীদারদের সঙ্গে আলোচনা করেছেন। ফেসবুক ব্যবহারে সাংবাদিকদের প্রাথমিক দক্ষতার ক্ষেত্রে সহযোগিতার কথা তাঁরা বলেছেন। প্রোগ্রামটি সাংবাদিকদের ডিজিটাল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং আরও সচেতন করে তুলবে।

প্রশিক্ষণটির মাধ্যমের দেশের সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের দক্ষতা ও রিপোর্টিংয়ের ভিত্তি আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশের নির্বাহী পরিচালক জেইন মাহমুদ।

সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের নির্বাহী পরিচালক দিলরুকশি হান্ডুনেট্টি বলেন, বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে গল্প বলার নতুন ধরন শেখানোর মাধ্যমে প্রশিক্ষণটি সাংবাদিকদের প্রস্তুত করবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় সাংবাদিক এবং নিউজরুমের কাজকে সহায়তা করবে। সাংবাদিকদের ক্ষমতায়নেও কাজ করবে বলে জানান তিনি।

বিগস্প্রিংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও ভক্তি ভিথালানি বলেন, বিগস্প্রিংয়ের প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা ছোট ছোট কন্টেন্টের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্য লার্নিং কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পারেন। বাংলাদেশের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে এটি সহায়তা করবে।