বিদেশগামী শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা টিকা
প্রতীকী ছবি

বিদেশগামী শিক্ষার্থীদের করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার জন্য নিবন্ধনের সময়সীমা ২৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার থেকে আবার শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এ–সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে গতকাল জারি করা পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ আজ থেকে আবারও শুরুর সিদ্ধান্ত হয়েছে। ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র [পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), বৈদেশিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কনফার্মেশন ডকুমেন্ট/ছাত্রত্ব প্রমাণের সনদ/ স্টুডেন্ট আইডি] স্ক্যান করে একটি পিডিএফ বা জিপ ফরম্যাটে, [email protected] ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া আবেদন ই-মেইলে পাঠানোর পাশাপাশি বাধ্যতামূলকভাবে https://forms.gle/KPa33LddmSKFPezd7 এই অ্যাড্রেসে গিয়ে গুগল ফর্ম পূরণ করে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের নিবন্ধনের আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ জুলাই থেকে গ্রহণ শুরু করে। শুরুতে আবেদন গ্রহণের সময়সীমা ২৭ জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে পরে এই সময় ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এ সময় পর্যন্ত ২৩ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এখন নতুন করে আবেদনের সময় বাড়ানো হলো।