বিশ্ব র‌্যাঙ্কিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে ওবিই বাস্তবায়নের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়ের স্থান পেতে করণীয় বিষয়গুলো নিয়ে কাজ করছে ইউজিসি। এ লক্ষ্য পূরণে বিশ্ববিদ্যালয়গুলোতে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন করা হবে।

ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ আয়োজিত ‘আউটকাম বেজড এডুকেশন বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ইউজিসি চেয়ারম্যান বুধবার এসব কথা বলেন।

কাজী শহীদুল্লাহ আরও বলেন, ওবিই সফলভাবে বাস্তবায়ন করা গেলে উচ্চশিক্ষা ও গবেষণায় দেশ এগিয়ে যাবে এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত স্থান অর্জন করা সম্ভব হবে। উন্নত সমাজ বিনির্মাণে গুণগত ও জীবনমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। ওবিই এ লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি দৃঢ় বিশ্বাস করেন।

কমিশনের সদস্য বিশ্বজিৎ চন্দর সভাপতিত্বে কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষকের অংশ নেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম।

কর্মশালায় ইউজিসির এসপিকিউএ পরিচালক ফখরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এসপিকিউএ বিভাগের উপপরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীনসহ কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্ত ছিলেন।

কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে ওবিই অনুসরণ করে কারিকুলাম প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে কারিকুলামে ব্যাপক পরিবর্তন আসবে। গ্র্যাজুয়েটরা চাকরির উপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারবেন। তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় কাঠামোগত পরিবর্তন দরকার। শিক্ষার পুরোনো ধারা থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষকদের পেশাগত জ্ঞান বৃদ্ধি ও মনোজগতে পরিবর্তন করা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সভাপতির ভাষণে বিশ্বজিৎ চন্দ বলেন, দেশের তরুণ প্রজন্মকে কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। তিনি স্ট্র্যাটেজিক লিডারশিপ, ক্যারিয়ার–সচেতনতা বিষয়গুলো কারিকুলামে যুক্ত করার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি