বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আইডিয়া শেয়ারিং প্রতিযোগিতা, নির্বাচিত ৩৩টি প্রজেক্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো

দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে গবেষণামূলক কাজ করবে বাংলাদেশ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিকস (বিডিএসটিইএম)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আইডিয়া শেয়ারিং এবং প্ল্যানিংবিষয়ক একটি প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি। তরুণ শিক্ষার্থীদের মেধা, মনন, দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষাদানের মাধ্যমে দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে কাজ করবে বিডিএসটিইএম ফাউন্ডেশন।

গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) ভার্চ্যুয়ালি নির্বাচিত ৩৩টি প্রজেক্ট উপস্থাপন এবং পরিকল্পনা প্রদানকারী দলের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘করোনা মহামারির এমন দুঃসময়ে দেশের ছেলেমেয়েরা দেশের গঠনমূলক কাজে অংশ নিচ্ছে। তাদের মেধা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার মতো চিন্তা করছে—এটা দেশের জন্য সবচেয়ে কল্যাণকর দিক। জাতির পিতা বঙ্গবন্ধু যে বাংলাদেশকে যে জায়গায় নিতে চেয়েছিলেন, আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে তেমন একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে পাব বলে আশা রাখি।’

ফাইল ছবি

বুয়েট, রুয়েট, চুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের দলসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের দল নির্বাচিত হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের উদ্দেশে গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘তোমরা নিজেদের চিন্তাকে কখনোই সংকুচিত করবে না। যে যেই স্তরেই থাকো না কেন, এখনই লক্ষ্য ঠিক করতে হবে এবং সেদিকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এবং নিজেদের পিতামাতা ও দেশের প্রতি প্রেমকে সব সময় ধারণ করতে হবে।’ নিজের জীবনের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, একজন উদ্যোক্তা আরও অনেক মানুষের কর্মসংস্থান করতে পারেন, সেই দিকটাকে জীবনে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে গঠনমূলক উদ্যোগ নিতে উৎসাহিতও করেন তিনি।

বিডিএসটিইএম জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক আল নকীব চৌধুরী বলেন, ‘বিডিএসটিইএম উন্নয়নের শিক্ষা, গবেষণা ও স্কিল ডেভেলপমেন্টের কাজ করেছে এবং আগামীতেও করবে। শিক্ষার্থীরা যে প্রজেক্টগুলো দিয়েছে, সেগুলোর সব কটিই অত্যন্ত সুন্দর ও অভিনব। যে শিক্ষার্থীরা আজকে নির্বাচিত হয়েছে, দেশ তাদের কাছ থেকে অনেক মূল্যবান কিছু পাবে বলে আমি মনে করি। তারাও দেশের মূল্যবান সম্পদ হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বিডিএসটিএমের জাতীয় কমিটির সেক্রেটারি জেনারেল মঈদুস সামাদ খান বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও প্রথমবারের এসটিইএম ফেস্ট আয়োজন করা হলো। বারবার এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা এই এডুকেশন সম্পর্কে জানবে এবং নিজেকে ও দেশকে সমৃদ্ধ করতে কাজ করতে পারবে।

প্রথম আলো ফাইল ছবি

রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) অধ্যাপক মো. তামিম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ই শুধু নয়, বরং স্কুল–কলেজগুলোতেও এ বিষয়ে শিক্ষা দিতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা অত্যন্ত জরুরি।

ওয়েবিনারে ভার্চ্যুয়ালি আরও অংশ নেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলাম, রুয়েটের সাবেক উপাচার্য রবিউল ইসলাম বেগ।

দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ২৩৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এগুলোর মধ্যে ৩৩টি প্রজেক্টকে নির্বাচন করা হয়েছে। এগুলো পুনরায় মূল্যায়নের মাধ্যমে সেরা তিনটি প্রজেক্ট পরিকল্পনা নির্বাচন করা হবে এবং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে বলে বিডিএসটিইএমের পক্ষ থেকে জানানো হয়। বিজ্ঞপ্তি