বিশ্বসেরার দলে ঢুকতে চায় এআইইউবির কম্পিউটারবিজ্ঞান বিভাগ
প্রতিষ্ঠালগ্ন থেকেই কম্পিউটার প্রযুক্তিতে দেশে ও বিদেশে চাহিদা মেটানোর জন্য যোগ্য ও দক্ষ পেশাজীবী তৈরির লক্ষ্যে এআইইউবি কম্পিউটারবিজ্ঞান বিভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৯৯৪ সালে এআইইউবি যে কয়টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে, তার মধ্যে কম্পিউটারবিজ্ঞান বিভাগ অন্যতম।
এআইইউবির কম্পিউটারবিজ্ঞান বিভাগ ইতিমধ্যে দেশের সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হিসেবে চিহ্নিত হয়েছে। বিভাগটিতে শিক্ষার্থীরা আগ্রহ অনুযায়ী কম্পিউটারবিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষায়িত মেজর অর্জন করে স্নাতক পর্যায়ের ডিগ্রি লাভ করতে পারেন। এখানে স্নাতক পর্যায়ে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের মেজর এরিয়াগুলো হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেম, কম্পিউটেশনাল থিওরি এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। স্নাতক ডিগ্রি ছাড়াও এ বিভাগ কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে। বিশেষায়িত বিবেচনায় বিশেষীকরণের ক্ষেত্রগুলো হচ্ছে কম্পিউটিং, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড আর্কিটেকচার, ইনফরমেশন অ্যান্ড ডেটাবেইস ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ইন্টেলিজেন্স সিস্টেম।
কম্পিউটারবিজ্ঞান একটি ফলিতবিদ্যা। এ ক্ষেত্রে অর্জিত জ্ঞানের ওপর ভিত্তি করে কর্মক্ষেত্রে পেশাজীবীদের সফটওয়্যার ডেভেলপমেন্টসহ সফটওয়্যার/হার্ডওয়্যার ও নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। বিষয়টি বিবেচনায় রেখে এ বিভাগে যথাযথভাবে বিভিন্ন ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা লাভ করতে পারেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ভার্চ্যুয়াল ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে এআইইউবিতে। শুধু কম্পিউটার বিভাগের জন্য বরাদ্দ আছে ৪৮টি কম্পিউটার ও প্রকৌশল ল্যাব। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টাল ও মাইক্রোসফট টিমকে সমন্বয় করে মহামারির এই দুর্দিনে সফলতার সঙ্গে কম্পিউটারবিজ্ঞান বিভাগ অনলাইনে ক্লাস চালিয়ে নিতে পারছে।
জ্ঞান–বিজ্ঞানের অন্যান্য শাখার তুলনায় কম্পিউটারবিজ্ঞান ও প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল একটি বিষয়। এ কারণে এআইইউবির কম্পিউটারবিজ্ঞান বিভাগ প্রতি সেমিস্টারেই পাঠ্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন করে থাকে যেন শিক্ষার্থীরা কম্পিউটারবিজ্ঞানের সাম্প্রতিকতম তত্ত্বগত ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনে যথাযথভাবে সক্ষম হন। এ ছাড়া পাঠ্যক্রম প্রণয়নে সফটওয়্যার ইন্ডাস্ট্রির চাহিদার দিকেও লক্ষ রাখা হয় যেন শিক্ষার্থীরা সফলভাবে স্নাতক ডিগ্রি সমাপ্ত করে সহজেই চাকরি পেয়ে যান।
এআইইউবির কম্পিউটারবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি অর্জনের পূর্বশর্ত হচ্ছে শিক্ষার্থীদের প্রজেক্ট/থিসিস সম্পন্ন করা। প্রজেক্টের ক্ষেত্রে যথাযথ ডকুমেন্ট লেখাসহ শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার সিস্টেম ডেভেলপ করতে হয়। থিসিসের ক্ষেত্রে শিক্ষার্থীদের কম্পিউটারবিজ্ঞান কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনের বিষয়ে জোর দেওয়া হয়। শিক্ষার্থীদের এসব প্রজেক্ট কিংবা থিসিস সুপারভাইজার হিসেবে পরিচালনা করেন এ বিভাগের অভিজ্ঞ শিক্ষকেরা।
কম্পিউটারবিজ্ঞান বিভাগ ‘একাডেমিক-ইন্ডাস্ট্রি পার্টনারশিপের’ ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে। শিক্ষার্থীরা যাতে সফটওয়্যার ইন্ডাস্ট্রির কার্যক্রম হাতে-কলমে অনুধাবন করতে পারেন, সে লক্ষ্যে এক সেমিস্টারব্যাপী ইন্টার্ন করার ব্যবস্থা আছে। এ ছাড়া ‘একাডেমিক-ইন্ডাস্ট্রি পার্টনারশিপ’ কার্যক্রমের আওতায় এ বিভাগ সেমিনার/সিম্পোজিয়াম/ওয়ার্কশপ আয়োজন করে। ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা অংশগ্রহণ করে সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করে সার্বিকভাবে দেশের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কীভাবে উন্নয়ন করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীদের সার্বিক মান উন্নয়নের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাকটিভিটির প্রয়োজন আছে। বিষয়টিকে প্রাধান্য দিয়ে এ বিভাগে প্রতিষ্ঠিত হয়েছে ‘কম্পিউটার ক্লাব’। এআইইউবি কম্পিউটার ক্লাব শিক্ষার্থীদের জন্য বিশেষ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে সফটওয়্যার আইডিয়া/ডিজাইন/ইমপ্লিমেন্টেশন, সফটওয়্যার প্রদর্শনীর আয়োজন করা ইত্যাদি। এ ছাড়া এসিএম প্রোগ্রামিং প্রতিযোগিতাসহ আন্তবিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় এআইইউবির শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করেন।
কোনো বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারণে সেখানকার স্নাতকদের কর্মক্ষেত্রে অবস্থান বড় একটি সূচক হিসেবে বিবেচনা করা হয়। সে বিবেচনায় এআইইউবির কম্পিউটারবিজ্ঞান বিভাগ অগ্রগামী। এআইইউবির অ্যালামনাইয়ের ডেটাবেইসের তথ্য অনুযায়ী ফেসবুক, গুগল, আমাজন, সিসকোসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন সফটওয়্যার ফার্মে এআইইউবির কম্পিউটারবিজ্ঞানের স্নাতকেরা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া এ বিভাগের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট এবং পিএইচডি সম্পন্ন করে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ গবেষণা সংস্থায় কর্মরত।
যেকোনো শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখেন শিক্ষকেরা। বর্তমানে প্রায় ১০০ জন মেধাবী শিক্ষক কম্পিউটারবিজ্ঞান বিভাগে নিয়োজিত। তাঁদের মধ্যে আছেন দেশ কিংবা বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি/এমফিল/এমএস অর্জনকারী।