বুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় শতভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

পরিবহন ধর্মঘটের মধ্যেই আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির পরীক্ষা (চূড়ান্ত)। বুয়েট ক্যাম্পাসে দুই পালায় অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

প্রথম পালায় (মডিউল-এ) পরীক্ষা হয় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পালায় (মডিউল-বি) পরীক্ষা হয় বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। সকালের পালায় উপস্থিতি ছিল ৯৯ শতাংশের বেশি এবং বিকেলের পালায় উপস্থিতি প্রায় ৯০ শতাংশ।

বুয়েটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর প্রাক্‌–নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। এর আগে গত ২০ ও ২১ অক্টোবর দুই দিনে চার পালায় অনুষ্ঠিত হয় প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা।

বুয়েটে ১২টি বিভাগে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। মোট আসন ১ হাজার ২১৫টি। এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ১৮ হাজার ৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এর মধ্যে চার পালায় অনুষ্ঠিত প্রাক্‌–নির্বাচনী পরীক্ষার মাধ্যমে বাছাই করে প্রতি পালা থেকে দেড় হাজার শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হয়।