বৈশ্বিক জ্ঞান সূচকের তালিকায় বাংলাদেশের অবস্থান কোথায়

বৈশ্বিক জ্ঞান সূচকের তালিকায় ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তমছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের বৈশ্বিক জ্ঞান সূচকের (গ্লোবাল নলেজ ইনডেক্সের) তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচে বাংলাদেশ। আর টানা চতুর্থবারের মতো এই তালিকায় শীর্ষে আছে সুইজারল্যান্ড।

গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন যৌথভাবে এ বছরের এই নলেজ ইনডেক্স প্রকাশ করেছে।

সূচকটি তৈরিতে শিক্ষার অবস্থা, প্রযুক্তি, উন্নয়ন, উদ্ভাবনসহ সাতটি বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। ২০১২ সালের তুলনায় বাংলাদেশ বিভিন্ন চলকে শূন্য দশমিক ৯ পয়েন্ট উন্নীত করলে মোট ৩৫ দশমিক ৯ পয়েন্ট অর্জন করেছে। এটি বৈশ্বিক গড় পয়েন্ট ৪৬ দশমিক ৭–এর চেয়ে অনেক কম। ২০১২ সালেও গ্লোবাল নলেজ ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল ১১২তম। সূচক অনুযায়ী, মধ্যম মানের ২৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১৯ নম্বর স্থানে আছে।

গ্লোবাল নলেজ ইনডেক্সে টানা চতুর্থবারের মতো সবার শীর্ষে আছে সুইজারল্যান্ড
ছবি: ইউএনডিপি

গ্লোবাল নলেজ ইনডেক্সের সবার ওপরের দেশ সুইজারল্যান্ডের পয়েন্ট ৭৩ দশমিক ৬। তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের দেশের পয়েন্ট ৭১ দশমিক ১। তৃতীয় স্থানে থাক ফিনল্যান্ডের পয়েন্ট ৭০ দশমিক ৮।

দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে ভারত। দেশটির স্কোর ৪৪ দশমিক ৪। আর সূচকে ৩৫ দশমিক ৯ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার সবার নিচের অবস্থানে বাংলাদেশ। তালিকায় ভারত আছে ৭৫তম অবস্থানে। এরপর ৮৭তম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, স্কোর ৪২ দশমিক ১। এ ছাড়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৪০ দশমিক ৯ স্কোর নিয়ে ভুটান তৃতীয়, ৩৬ দশমিক ২ স্কোর নিয়ে নেপাল চতুর্থ ও ৩৫ দশমিক ৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে পাকিস্তান।

দুবাইয়ে সংবাদ সম্মেলনে ইউএনডিপি ও মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন যৌথভাবে এ বছরের নলেজ ইনডেক্স প্রকাশ করেছে
ছবি: সংগৃহীত

সাতটি সেক্টরের অধীনে ১৩৩টি চলক বিশ্লেষণ করে গ্লোবাল নলেজ ইনডেক্সের তালিকাটি তৈরি করা হয়েছে। প্রধান সাতটি সেক্টর হচ্ছে: প্রাক্‌-বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি এবং সাধারণ সক্ষমতার পরিবেশ।

প্রাক্‌-বিশ্ববিদ্যালয় শিক্ষায় বাংলাদেশ বিশ্বে ৬৯তম, উচ্চতর শিক্ষায় ১২৯তম, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে ৯৬তম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ৯৭তম এবং অর্থনীতিতে ১১৪তম। তালিকায় একেবারেই শেষে রয়েছে চাদ। দেশটির ওপরে থাকা চার দেশ হলো যথাক্রমে অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া, নাইজার ও কঙ্গো। তথ্যসূত্র: ইউএনডিপি