ব্যবহারিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে তৈরি হচ্ছেন সাউথইস্টের আইনের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবহারিক জ্ঞান অর্জনের দিকে গুরুত্ব দেওয়া হয় এই বিভাগে
ছবি: সংগৃহীত

ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ যাত্রা শুরু করে ২০০৩ সালে। বিভাগের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ মোস্তফা বলছিলেন তাঁদের লক্ষ্যের কথা, ‘খুব অল্প সময়ের মধ্যে বিভাগটি বাংলাদেশের অন্যতম সেরা আইন বিভাগ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা শিক্ষার্থীদের দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলতে চাই, নৈতিক ও পেশাগত দায়িত্ব বিকাশের জন্য প্রস্তুত করতে চাই।’

সাউথইস্টের এই বিভাগে নানা রকম বিষয় পড়ানো হয়। যেমন লেজিসলেটিভ স্টাডিজ অ্যান্ড ড্রাফটিং, লিগ্যাল ড্রাফটিং (ক্রিমিনাল), লিগ্যাল ড্রাফটিং (সিভিল), মক ট্রায়াল অ্যান্ড অ্যাডভোকেসি (সিভিল), মক ট্রায়াল অ্যান্ড অ্যাডভোকেসি (ক্রিমিনাল) ইত্যাদি। নামী আইনজীবী ও বিচারকেরা এখানে তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস নেন।

শিক্ষার্থীরা যেন ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারেন, সে জন্য নিয়মিতই শিক্ষকদের তত্ত্বাবধানে তাঁদের আদালত, থানা, বিভিন্ন এনজিওর কার্যালয়সহ নানা জায়গায় পাঠানো হয়। বিভাগের একটি মুট কোর্ট সোসাইটি রয়েছে, যা শিক্ষার্থীদের আইন পেশার দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা করে।

সাউথইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মো. সিহাব উদ্দিন বর্তমানে নেত্রকোনা জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, ‘আমার পেশাজীবনের পেছনে বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান আছে। আমি ক্যাম্পাসে নানা রকম সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের অধীন মুট কোর্ট সোসাইটি আছে, যা নানা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজন করে। এসব আয়োজনে অংশগ্রহণের অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে।’

সাউথইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগে চার বছর মেয়াদে পড়ার খরচ মোট ৫ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। এ ছাড়া উচ্চমাধ্যমিক বা ‘এ’ লেভেলে ভালো ফলের জন্য নানা ধরনের বৃত্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনেও ভর্তি হওয়া যাবে। ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের কার্যালয়ে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা থাকে।