ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরিচয়ে আর কত দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দেড় বছরেরও বেশি সময় ধরে
ছবি: খালেদ সরকার

বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই আমরা একধরনের সেশনজটে পড়ে গেছি। সবকিছু ঠিক থাকলে এত দিনে হয়তো বিশ্ববিদ্যালয়ে পা রাখার স্বপ্নপূরণের পথে অনেকটা এগিয়ে যেতাম। এইচএসসিতে উত্তীর্ণ হওয়ার পর প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আর হয়নি।

স্বাভাবিকভাবেই এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগপর্যন্ত শিক্ষার্থীদের কোনো ক্যাম্পাস থাকে না, একরকম পরিচয়হীন হয়ে থাকতে হয়। এত দীর্ঘ সময় এমন পরিচয়হীনতায় আর কেউ কি কখনো ভুগেছেন? অনেক শিক্ষার্থীই চরম হতাশায় পড়ে গেছেন। মানসিক চাপ, বিষণ্নতা শব্দগুলো কিন্তু শুধু পত্রিকার পাতায় নয়, বাস্তবেও বিদ্যমান।

একের পর এক ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণ করলেও যথাসময়ে পরীক্ষা আর হয় না। বারবার ভর্তি পরীক্ষা পেছানোয় একদিকে যেমন প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে, অন্যদিকে অনেকে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছেন। করোনাকালে জীবিকা–সংকট ও নানাবিধ সমস্যায় অধিকাংশ পরিবারের আয়রোজগার কমলেও শিক্ষায় ব্যয় কমেনি। প্রতিযোগিতায় টিকে থাকতে এবং ডিজিটাল পড়াশোনায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের ব্যয় ঠিকই করতে হচ্ছে। খরচ দিতে না পারায় ঝরে পড়ছেন অনেক শিক্ষার্থী।

আরিফুল ইসলাম
ছবি: সংগৃহীত

দেশের অধিকাংশ নিম্নমধ্যবিত্ত পরিবারে সন্তানদের কাছে বাবা–মায়ের একটা বিশেষ চাহিদা থাকে, সন্তান যেন দ্রুত পড়াশোনা শেষ করে আয়রোজগারে হাল ধরতে পারে। কিন্তু করোনায় জীবন থেকে সেই লক্ষ্য এখন হারিয়ে যাচ্ছে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টিউশনি পাওয়াও এখন কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের আয়ের প্রধান উৎসও তাই অনেকটাই বিপর্যয়ের মুখে।

একদিকে ভর্তি পরীক্ষার অনিশ্চয়তা, অন্যদিকে পরিবারের আর্থিক টানাপোড়েনের ফলে দেশের প্রত্যন্ত এলাকা ও গ্রামাঞ্চলের অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে কাজে ঢুকতে বাধ্য হচ্ছেন। হতাশায় কেউ কেউ আত্মঘাতীও হয়ে উঠেছেন। এই অনিশ্চয়তা মধ্যে অনেকে নিশ্চয়ই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু যাঁদের সামর্থ্য নেই, তাঁরা কী করবেন?

দেশের শিক্ষা ও শিক্ষার্থীদের বাঁচাতে নীতিনির্ধারকদের আরও গভীরভাবে ভাবতে হবে। অনেক দিন তো হলো। শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার বিষয়টি কি এখন অগ্রাধিকার পেতে পারে?

আপনিও লেখা পাঠাতে পারেন এই ইমেইলে: [email protected]। অথবা যোগাযোগ করুন স্বপ্ন নিয়ের ফেসবুক পেজে।