ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরে দুই দফায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। তাঁরা নতুন করে পরীক্ষা নেওয়ারও দাবি জানান। আজ মঙ্গলবার দুপুরে ‘সম্মিলিত শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
একই দাবিতে কাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া কয়েক শ শিক্ষার্থী আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরের চকবাজারের গুলজার মোড় এবং দুপুর দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কের এক পাশ অবরোধ করে রাখেন। এতে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে চকবাজারের গুলজার মোড়ে আসেন। দুপুর দেড়টার দিকে আবার মিছিল নিয়ে প্রেসক্লাবে চলে যান শিক্ষার্থীরা। সেখানে দুপুর দুইটা থেকে বেলা তিনটা পর্যন্ত তাঁরা সড়কের এক পাশ অবরোধ করে রাখেন। নতুন কর্মসূচি ঘোষণা করার পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
‘সম্মিলিত শিক্ষার্থীবৃন্দ’ এর মুখপাত্র রাকিব আহমেদ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
দুই শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ ইলিয়াস বলেন, একটি জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেওয়াই যথেষ্ট। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে এখন তাই করা হচ্ছে। মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ায় প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছে। এটি প্রহসন।