ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ছাপায় ভুল, পরীক্ষার্থীরা বিপাকে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ডি ইউনিটের প্রশ্নপত্রে ছাপার ভুল হয়েছে। বি সেটের প্রশ্নে রসায়ন অংশের ৯টি এবং ইংরেজি অংশের ১০টি প্রশ্ন না থাকায় বিপাকে পড়েন পরীক্ষার্থীরা।
পরে ওই প্রশ্নের সংশোধিত অংশ ছেপে ও ফটোকপি করে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হয়। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল চারটায় ডি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময়ে পৃথকভাবে এ ও বি দুই সেটে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়। যেসব শিক্ষার্থীদের বি সেটের প্রশ্ন সরবরাহ করা হয় তাঁরা হল পরিদর্শকদের জানান, প্রশ্নে ইংরেজি অংশ নেই। এ ছাড়া রসায়ন অংশের একাংশ দু’বার ছাপা হয়েছে। প্রশ্নপত্রের শেষে ৯ টি রসায়ন ও ১০ টি ইংরেজি প্রশ্ন থাকার কথা থাকলেও তা ছিল না। এ অংশে রসায়নের আগের অংশটি দ্বিতীয়বার ছাপা ছিল।
বিষয়টি জানাজানি হলে ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক শামসুল আলমসহ সংশ্লিষ্ট ইউনিটের সদস্যদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী, সহ উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীদের সংশোধিত এক পৃষ্ঠার প্রশ্ন সরবরাহ করা হয় এবং পরীক্ষার সময় বিশ মিনিট বাড়িয়ে দেওয়া হয়।
পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী অভিযোগ করেন, বিশ মিনিট সময় বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হলেও বেশ কয়েকটি হলের পরিদর্শকেরা তা মানেননি। মোশাররফ হোসেন নামে এক পরীক্ষার্থী বলেন, ‘হলে দায়িত্বরত স্যাররা বলেছিলেন, সংশোধিত প্রশ্নের জন্য অতিরিক্ত বিশ মিনিট সময় দেওয়া হবে। কিন্তু তাঁরা সময় না দিয়ে পাঁচটার মধ্যেই উত্তরপত্র নিয়ে নেন।’
এ ব্যাপারে ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক শামসুল আলম সাংবাদিকদের বলেন, ‘আমাদের অজান্তেই ভুলটি হয়ে গেছে। কম্পিউটারে একটি কপি ছিল। পরে ওই কপি থেকে প্রিন্ট করে পরীক্ষার্থীদের সংশোধিত প্রশ্ন সরবরাহ করা হয়। তবে পরীক্ষায় এর কোনো প্রভাব পড়েনি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
এদিকে, এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে অতিসত্বর এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, ঘটনাটি জানতে পেরে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি এবং তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে প্রশ্ন প্রিন্ট করে বিভিন্ন হলে পৌঁছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’