ভর্তি পরীক্ষার সময় মোবাইল, বহিষ্কার ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন বহনের অভিযোগে ২০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার ‘সি’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় তাঁদের বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত তিন পালায় ‘সি’ ইউনিটের এবং বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা থাকার পরও নিজেদের কাছে মোবাইল ফোন রাখায় ২০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শাহিনুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে আটক ছয়জনকে আজ সকালে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদের কুষ্টিয়া কারাগারে পাঠান।