ভারতে উচ্চশিক্ষার সুযোগ সুবিধা জানাতে মেলা
ভারতে উচ্চশিক্ষায় বাংলাদেশ থেকে শিক্ষার্থী টানতে ঢাকায় আয়োজন করা হয়েছিল দুই দিনের শিক্ষা মেলা। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ শীর্ষক এই মেলা রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে অল্প খরচে বাংলাদেশিরা কীভাবে গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারেন, তা জানাতেই এই আয়োজন।
দুই পর্বের মেলার শেষ পর্ব আগামীকাল সোমবার চট্টগ্রামে হবে। প্রথম পর্বে গতকাল শনিবার ছিল মেলার শেষ দিন। মেলা ঘুরে দেখা গেছে, উচ্চশিক্ষায় আগ্রহী কয়েক শ শিক্ষার্থী মেলায় এসেছেন। তাঁদের একজন সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এবার তিনি বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। ভারতে শিক্ষার সুযোগ-সুবিধা ও খরচ জানতে তিনি মেলায় এসেছেন।
আয়োজকেরা জানিয়েছেন, স্টাডি ইন ইন্ডিয়া একটি প্ল্যাটফর্মের আওতায় আছে ভারতের বিভিন্ন অঞ্চলের ১৬৪টি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার ছয় শর বেশি কোর্স পড়ার (স্নাতক থেকে পিএইচডি) আসন আছে এক লাখের বেশি।
আয়োজক প্রতিষ্ঠান এডসিল (ইন্ডিয়া) লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা সন্দীপ গোয়েল জানিয়েছেন, ২০১৮ সালে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই যোগ্যতা অনুযায়ী যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাদা যোগাযোগ করতে হবে না। এ ছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করলে ভিসা পেতেও সহযোগিতা পাওয়া যাবে।
গতকাল গুলশানে মেলা ঘুরে দেখা গেছে, এবারের মেলায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর একটি ‘শিক্ষা ও অনুসন্ধান’-এর ইউনিভার্সিটি আউটরিচ প্রোগ্রামসের পরিচালক নচিকেতা কে শার্মা বলেন, এখন ১৩০টি দেশে স্টাডি ইন ইন্ডিয়ার কার্যক্রম চলছে।
নচিকেতা কে শার্মা বলেন, ২০২১-২২ সেশনে বাংলাদেশ থেকে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছেন। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হয় না। শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী ভর্তির সুযোগ পান। এ ছাড়া ফলাফল অনুযায়ী টিউশন ফির ক্ষেত্রে ২৫-১০০ শতাংশ ছাড় দেওয়া হয়। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য www.studyinindia.gov.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে।