মাদ্রাসায় ‘বঙ্গবন্ধু কর্নার’ না হলে এমপিও নয়
দেশের মাদ্রাসাগুলোতে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করে সচিত্র প্রমাণের তথ্য ৩০ জুনের মধ্যে মাদ্রাসা অধিদপ্তরে পাঠাতে হবে। যেসব মাদ্রাসা তা করবে না, তাদের নতুন এমপিওসহ (মাসিক বেতন বাবদ অনুদান) অন্যান্য কাজের আবেদন বিবেচনা করা হবে না। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ২১ জুন জরুরি বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি মাদ্রাসার প্রধানদের এই নির্দেশ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের নির্দেশনা অনুযায়ী সব মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন করে সচিত্র প্রমাণসহ হার্ড কপি ৩০ জুনের মধ্যে আবশ্যিকভাবে দেওয়ার জন্য অধিদপ্তর ১ জুন মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার বা ইবতেদায়ি মাদ্রাসার প্রধানদের অবহিত করেছিল। কিন্তু এখনো অনেক মাদ্রাসা থেকে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের তথ্য পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু কর্নার স্থাপন করে সচিত্র প্রমাণ এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রত্যয়নের হার্ড কপি ব্যক্তিগতভাবে বা রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩০ জুনের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠাতে হবে।
অন্যথায় সংশ্লিষ্ট মাদ্রাসার নতুন এমপিও, বিএড বা উচ্চতর গ্রেড, বদলি, পুনরায় নিয়োগ, পদোন্নতি, বকেয়াসহ ইত্যাদির আবেদনপত্র অনলাইন কিংবা সরাসরি দাখিল করা হলে তা বিবেচনা করা হবে না।