মিসর-বাংলাদেশ শিক্ষা বিনিময় চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম মিসরের উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণামন্ত্রী খালেদ আবদেল-গাফফারের সঙ্গে সাক্ষাৎ করেছেন
ছবি: দূতাবাসের সৌজন্যে

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম মিসরের উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণামন্ত্রী খালেদ আবদেল-গাফফারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কায়রোর বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মুহাম্মদ ইসমাঈল হুসাইন, মিসরের শিক্ষা মন্ত্রণালয়ের সংস্কৃতিবিষয়ক ও মিশন সেক্টরের প্রধান আশরাফ আল-আজাজিসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পূর্বনির্ধারিত বৈঠকে রাষ্ট্রদূত মন্ত্রীকে তাঁর আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে চলমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে মিসরের শিক্ষা খাত পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়ের দক্ষতা ও কৌশল জানতে আগ্রহ প্রকাশ করে আলোচনা শুরু করেন।

উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণামন্ত্রী খালেদ আবদেল–গাফফার রাষ্ট্রপতির নির্দেশনায় মিসর সরকার কীভাবে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলো কার্যকরভাবে পরিচালনা করছেন, তার একটি সংক্ষিপ্ত ধারণা দেন বাংলাদেশের রাষ্ট্রদূতকে। এ ছাড়া তিনি বাংলাদেশ ও মিসরের মধ্যে যে ঘনিষ্ঠ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে, তার ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক শিক্ষা বৃত্তির সংখ্যা বাড়ানোর অনুরোধ করলে মন্ত্রী খালেদ বলেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত শিক্ষা বিনিময়ের একটি সমঝোতা স্মারক হয়েছিল, যেটি ২০১৫ সালে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। রাষ্ট্রদূত মনিরুল ইসলাম অবিলম্বে পুরোনো চুক্তিটি নবায়ন করার পরামর্শ দেন।

তিনি আরও জানান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও মিসরের বিশ্ববিদ্যালয় সুপ্রিম কাউন্সিলের মধ্যে সহযোগিতার জন্য আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। মন্ত্রী আরও বলেন, উভয় দেশের শিক্ষার্থী, শিক্ষক, বিজ্ঞানীদের মধ্যে বৃত্তির সংখ্যা বাড়ানো ও বিবিধ সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে চুক্তি দুটি স্বাক্ষরের জন্য উভয় দেশের কাজ করা উচিত।

খালেদ আবদেল-গাফফার বলেন, মিসরে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১২টি বড় গবেষণা কেন্দ্র রয়েছে। শিক্ষা বিনিময় চুক্তিটিতে বৈজ্ঞানিক গবেষণাও অন্তর্ভুক্ত থাকা উচিত। তিনি আরও বলেন, ২০২১ সালের ডিসেম্বরে কায়রোতে অনুষ্ঠিত ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইএসইএসসিও) সাধারণ সম্মেলনে হতে যাচ্ছে। সেই সম্মেলনে বাংলাদেশকে অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান এবং সে জন্য বাংলাদেশের শিক্ষামন্ত্রীর কাছে আমন্ত্রণ পাঠানো হবে বলে উল্লেখ করে খালেদ বলেন, সে সময়েই ‘এমওইউ’টি স্বাক্ষর করার উপযুক্ত সময়।

‘স্টাডি ইন ইজিপ্ট’ নামের একটি শিক্ষা প্রকল্প রয়েছে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের মিসরের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানতে ও ভর্তি হতে সাহায্য করবে
ছবি: দূতাবাসের সৌজন্যে

রাষ্ট্রদূত আলোচনায় দুই দেশের মধ্যে ডিগ্রিগুলোর সমমান থাকা উচিত বলে মন্ত্রীকে জানালে, তিনি তাতে সম্মত হয়ে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত উচ্চশিক্ষা খাতে বিশেষ করে চিকিৎসা, আইসিটি, কৃষি, পর্যটন ও নার্সিংয়ের ক্ষেত্রে আরও সহযোগিতার জন্য বললে মন্ত্রী খালেদ আবদেল-গাফফার বলেন, ‘স্টাডি ইন ইজিপ্ট’ নামের একটি শিক্ষা প্রকল্প রয়েছে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের মিসরের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানতে এবং সেখানে ভর্তি হতে সাহায্য করবে।

রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য মন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের কিছু উপহার প্রদান করেন এবং আশ্বাস দেন, বাংলাদেশ দূতাবাস যেকোনো সময়ে উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে আন্তরিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত এবং তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছ থেকে উপহার পেয়ে খুশি হন এবং আগামী দিনগুলোতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন।

৪৭ বছর আগের মিসর-বাংলাদেশ শিক্ষা বিনিময় চুক্তির মাধ্যমে প্রতিবছর মিসরের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য ১০টি বৃত্তি রয়েছে। চুক্তি মোতাবেক সেই বৃত্তিতে টিউশন ফি, থাকা–খাওয়া, আসার বিমানভাড়া, শিক্ষা খরচসহ বিভিন্ন সুযোগ–সুবিধা পেয়ে থাকেন বাংলাদেশি শিক্ষার্থীরা।