যদি ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মেলাতে চান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

শিক্ষা, পেশা, গবেষণা, বিনোদন—সবই যে ধীরে ধীরে ডিজিটাল দুনিয়ায় ঢুকে পড়বে, এ কথা কয়েক বছর আগে থেকে অনুমান করা যাচ্ছিল। করোনা এই ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’ বা ডিজিটাল রূপান্তরের গতি বাড়িয়ে দিয়েছে আরও। বাংলাদেশের অনলাইন ব্যবসার পরিসংখ্যান করলে দেখা যায়, মহামারির আগে যে ডিজিটাল বাণিজ্যে লেনদেন হতো ২০০ কোটি টাকার, তা ১ বছরের মধ্যে বেড়ে হয়েছে ৬৬৩ কোটি টাকা। ১৫ শতাংশ ‘ডিজিটাল পেমেন্ট’ এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে। এই রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে ভবিষ্যতে পেশাজীবনে টিকে থাকা কঠিন হয়ে যাবে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ‘ডিজিটাল রূপান্তর’ বিষয়টি বুঝতে হবে।

সম্প্রতি হার্ভার্ড বিজনেস রিভিউতে ‘ডিজিটাল রূপান্তর’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, ডিজিটাল জগতে রূপান্তর মানেই ব্যয়বহুল নতুন প্রযুক্তির পেছনে টাকা ঢালা—এটা একেবারেই ভুল ধারণা। সেরা উদ্ভাবনও বিফলে যেতে পারে প্রশিক্ষণ আর আগ্রহের অভাবে। ডিজিটাল রূপান্তর মানে শুধু পুরোনোকে নতুন দিয়ে প্রতিস্থাপন করা নয়; মৌলিকভাবে ডিজিটাল রূপান্তর বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানের সব সিদ্ধান্ত ও কার্যক্রম পদ্ধতিগতভাবে ‘ডেটা’ বা ‘তথ্যনির্ভর’ করা। এখানে মানবিক প্রবৃত্তির বদলে তথ্যই হবে প্রতিষ্ঠানের মূল চালক। হার্ভার্ড বিজনেস রিভিউয়ের মতে, কোনো প্রতিষ্ঠান যদি পুরোপুরি ‘ডিজিটাল’ হতে চায়, তাহলে অবশ্যই নিচের পাঁচটি উপাদান থাকতে হবে।

১. মানুষ

যেকোনো প্রতিষ্ঠানের কেন্দ্রেই আছে মানবিক চাহিদা। যে তথ্যের সাহায্যে সংগঠনকে ডিজিটাল বানানো সম্ভব, সেই তথ্যের জন্ম দেয় মানুষ। বাজারের একজন সবজি বিক্রেতার কথা যদি মনে করি, তাঁর কাছে থাকে ২০ থেকে ৩০ জন বাঁধা খরিদ্দারের নির্দিষ্ট কিছু তথ্য। তাঁদের সঙ্গে গল্প করে তিনি সহজে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারেন। কিন্তু ক্রেতার সংখ্যা যখন ২০ থেকে ৩০ হাজার বা তারও বেশি হবে, তখন নিশ্চয়ই এত তথ্য তাঁর মাথায় রাখা সম্ভব নয়। তখন প্রত্যেক ক্রেতার তথ্য আলাদাভাবে মনে রেখে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য দরকার ডেটা–চালিত ডিজিটাল পদ্ধতি।

২. তথ্য

শুরু থেকে যে তথ্যের কথা বারবার বলছি, ওই তথ্য আসছে কোথা থেকে? সহজ উত্তর হলো, মানুষ থেকে। কিন্তু আরেকটু গভীরে গেলেই আমরা জানতে পারি, মানুষের কার্যকলাপকে বাইনারি ‘১’ ও ‘০’ এর জালে ফেললেই বের হয়ে আসছে মহামূল্যবান ‘ডেটা’। বড় সংগঠনের জন্য লাখ লাখ ব্যবহারকারীর আচরণ, স্বভাব, পরিবেশ বিশ্লেষণ করে মানবিক গুণাবলির ‘ডিজিটালাইজেশন’ করা হচ্ছে। এখানেই আমরা প্রযুক্তির সবচেয়ে বড় প্রভাব দেখতে পাই। মানবিক কাজগুলো কম্পিউটারের বোঝার উপযোগী হচ্ছে ডেটার মাধ্যমে।

৩. মানবিক অন্তর্দৃষ্টি

মেশিন সুষ্ঠুভাবে চলার জন্য ইঞ্জিনের জ্বালানি যেমন বিশুদ্ধ হওয়া প্রয়োজন, তেমনি নতুন বিশ্বের ডিজিটাল জ্বালানিও হওয়া দরকার খাঁটি। অসংগঠিত তথ্য ভেজালে ভরা তেলের মতোই অকেজো। তাই তথ্য জমা করা যতটা প্রয়োজন, ততটাই প্রয়োজন তথ্য বিশ্লেষণের। ‘অ্যানালিটিকস’ হলো তথ্য বিশ্লেষণ করে এর একটি উদ্দেশ্য খোঁজার বিজ্ঞান।

৪. মূল কাজ

বিশ্লেষণের পরের ধাপই হলো সেই বিশ্লেষণকে কাজে লাগানো। অজয় আগারওয়াল তাঁর প্রেডিকশন মেশিনস বইতে বলেন, ‘যত যন্ত্রই ব্যবহার করা হোক না কেন, সর্বশেষ সিদ্ধান্ত সব সময়ই থাকবে মানুষের হাতে।’ সংগৃহীত তথ্য থেকে যদি দেখা যায় ব্যবহারকারীরা একটি পণ্য পছন্দ করছে না, তাহলে সেই অপছন্দটা দূর করার কাজ পড়বে পণ্য প্রস্তুতকারীদের নিজস্ব বুদ্ধিমত্তার ওপর। তথ্যপ্রযুক্তি ভবিষ্যদ্বাণী করতে পারবে ঠিকই, কিন্তু অসংখ্য ‘যদি এমন হতো?’ এর উত্তর দিতে পারবে না। মানুষের দূরদর্শিতাও তাই ডিজিটাল রূপান্তরের সাফল্যের জন্য অনেকটা দায়ী।

৫. ফলাফল

ডিজিটাল রূপান্তর একটি চক্রাকার প্রক্রিয়া। যে ফলাফল আসবে, তা–ই আবার তথ্য হিসেবে ব্যবহার করা হবে। এভাবে প্রতি চক্রের পরিণতি ক্রমাগতভাবে উন্নত হতে থাকবে। তথ্যগুলোর ফল হবে আরও অর্থবহ ও কার্যকর। এই কর্মধারায় মানুষ ও প্রযুক্তির মধ্যে সমন্বয় তৈরি হতে থাকবে। দুইয়ের মেলবন্ধন ঠিকমতো না হলে পুরোপুরি ‘ডিজিটাল’ হওয়া কখনো সম্ভব নয়।