রশ্মির গান শুনেছেন?
ঘুম থেকে উঠে চমকে গিয়েছিলেন ইন্নিমা রশ্মি।
বছর দেড়েক আগের কথা। করোনায় ঘরবন্দী মানুষ। একঘেয়েমি কাটাতে ন ডরাই সিনেমার ‘যন্ত্রণা’ গানটি বেহালায় তুলে এক ভোরে ফেসবুকে আপলোড করেছিলেন রশ্মি। এরপর ঘুম। ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন, তাঁর বেহালার বাদন পছন্দ করেছেন বহু মানুষ। কভার ভিডিওতে এত মানুষের সাড়া মিলবে, ভাবতেও পারেননি রশ্মি। সেই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিরতিতে পাওয়া যাচ্ছে তাঁর ভিডিও। কখনো বেহালা হাতে, কখনো গিটার হাতে, কখনো বা কোনো গান নিয়ে হাজির হচ্ছেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী।
মা–বাবা দুজনই বাউলশিল্পী হওয়ায় রশ্মির বাসায় সব সময়ই সংগীতের আবহ ছিল। ছোটবেলা থেকেই মা-বাবার সঙ্গে একটু একটু করে গান গাওয়ার চেষ্টা করতেন। পরে স্কুলের পাশাপাশি তাঁকে গানের ক্লাসেও ভর্তি করে দেওয়া হয়। সেখানেই কয়েক বছর গানের তালিম নেন। রশ্মি বলছিলেন, ‘গান শুনতে তো আগে থেকেই ভালো লাগত, তবে গাইতে ভালো লাগা শুরু করল গানের ক্লাসে ভর্তি হওয়ার পর।’
গান শেখার গল্প তো শোনা হলো। কিন্তু বাদ্যযন্ত্র বাজানোর কৌশলটা কীভাবে রপ্ত করলেন? উত্তর দিতে গিয়ে আবার ছোট্টবেলায় ফিরে গেলেন রশ্মি। গানের ক্লাসেই হারমোনিয়াম শিখেছেন। সেই সঙ্গে ওস্তাদ শাহীন আলীর কাছে বেহালার তালিম নিয়েছেন তিন বছর। আর নিজে নিজেই আগ্রহ করে শিখেছেন গিটার ও ইউকুলেলে। রশ্মির প্রথম গিটারটা কিনে দিয়েছেন তাঁর মা। তবে ইউকুলেলে কেনার পেছনে একটি বলার মতো গল্প আছে। রশ্মির কাজিন সুজন দেওয়ান পেশাদার বেহালাবাদক। বিভিন্ন সংগীতায়োজনে কাজ করেন নিয়মিত। চিরকুট ব্যান্ডের গিটারিস্ট এবং কম্পোজার ইমন চৌধুরীর সঙ্গেও কাজ করেন। সে সূত্রে ইমন চৌধুরীকে গান শোনানোর সুযোগ পেয়েছিল রশ্মি। সেই সুবাদেই গত বছর ইমন চৌধুরীর সংগীতায়োজনে একটি আসবাবপত্রের ব্র্যান্ডের বিজ্ঞাপনে জিঙ্গেল গাওয়ার সুযোগ পান ইন্নিমা রশ্মি। সেই জিঙ্গেল থেকে পাওয়া পারিশ্রমিক দিয়েই নিজের প্রথম ইউকুলেলেটা কেনেন।
২০২০ সাল থেকে ফেসবুক ও ইউটিউবে সাড়া পেলেও রশ্মি সোশ্যাল মিডিয়ায় গান আপলোড করেন আরও আগে থেকে। ফেসবুকে ভিডিও আপলোড করার আগে অবশ্য তাঁর এই প্রতিভার কথা কাছের মানুষ ছাড়া খুব বেশি মানুষ জানত না। বছর তিনেক আগে একটি হিন্দি গান প্রথমবারের মতো আপলোড করেছিল সে। রশ্মি বললেন, ‘পুরো অন্ধকার একটি রুমে গানটা ভিডিও করেছিলাম। যে কারণে ভিডিওতে কিছুই দেখা যাচ্ছিল না। আমি চেয়েছিলামও ভিডিওতে আমাকে দেখা না যাক। একটু অনিরাপদ মনে হয় বলে শুরুতে সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিওতে আমার চেহারা দেখাতে চাইনি।’ পরে ‘কালচারাল ক্লাসিসিস্টস’, ‘ক্যাস্টেওয়ে টু দ্য মুন’–এর মতো কিছু ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর গান। এই তো কদিন আগে ফেসবুকে নতুন একটা ভিডিও আপলোড করেছেন। তাতে এক বন্ধুকে নিয়ে বেহালায় তুলেছেন ‘ওরে নীলদরিয়া’র সুর। ৩১ জানুয়ারি আপলোড হওয়া সাদামাটা ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে দেড় লাখের বেশিবার।
গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? উচ্চমাধ্যমিক পড়ুয়া মেয়েটির উত্তর, ‘আসলে ভবিষ্যতের কথা এখনো সেভাবে ভাবিনি। তবে জীবনে যা-ই করি কিংবা যা-ই হই না কেন, গান আমার সঙ্গে থাকবে।’