রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন ১৮ জানুয়ারি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, এর আগে বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমতিক্রমে চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো এক দিন নবম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে আচার্য ১৮ জানুয়ারি এই সমাবর্তনে আসার সিদ্ধান্ত নেন। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনকে বিষয়টি জানানো হয়।
নবম সমাবর্তনের নিবন্ধনপ্রক্রিয়া চলে গত ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। সমাবর্তনে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেবেন।