রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ৭ বিভাগে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সাতটি নতুন বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য জানান।
অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে আইন অনুষদের অধীনে ‘আইন ও ভূমি প্রশাসন’ বিভাগে ৫০ জন, প্রকৌশল অনুষদের অধীনে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ বিভাগে ৩০ জন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক্লিনিক্যাল সাইকোলজি’ বিভাগে ২৫ জন এবং বিজ্ঞান অনুষদের অধীনে ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এ ছাড়া চারুকলা অনুষদের অধীনে ‘গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস’ বিভাগে ৪৫ জন, ‘চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র’ বিভাগে ৪৫ এবং ‘মৃৎশিল্প ও ভাস্কর্য’ বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিতরণ আগামী ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১২ নভেম্বর।