রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৫ আগস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদনপ্রক্রিয়া ২৫ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হবে। চলবে ১৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত এসএসসি বা সমমান এবং ২০১৩ ও ২০১৪ সালের এইচএসসি বা সমমান, আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার টেকনোলজি), ডিপ্লোমা-ইন-এগ্রিচালচার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভকেশনাল) ও এইচএসসি (ভকেশনাল), O লেভেল ও A লেভেল এবং অন্যান্য সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
মানবিক শাখা থেকে উত্তীর্ণদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩.৫সহ মোট জিপিএ-৭.৫ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৪.০০সহ মোট জিপিএ-৮.৫ পেতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ-৩.৫সহ মোট জিপিএ-৮.০০ পেতে হবে। GCE-র O লেভেল এবং A লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীকে O লেভেলে ৫টি বিষয়ে এবং A লেভেলে ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটির মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে B ও তিনটি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ ছাড়া ইউনিট বা বিভাগ কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাসসহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।