‘রাজা’র কাছে শেখা
ডিজিটাল দুনিয়ায় ব্যবসা, বিপণন, বিজ্ঞাপন, আয়—এসবের সিংহভাগের নিয়ন্ত্রণই গুগলের দখলে। গুগলকে যদি ডিজিটাল রাজ্যের রাজা গণ্য করা হয়, খোদ রাজার কাছ থেকেই কিন্তু আপনি এই রাজ্যের যাবতীয় নিয়মকানুন, আদবকেতা শিখে নিতে পারেন। সে জন্য আছে গুগল ডিজিটাল গ্যারেজ (learndigital.withgoogle.com)। ওয়েবসাইটটিতে যে কেউ প্রয়োজনীয় বিষয়গুলো শিখে নিতে পারেন, যা হয়তো আপনার চাকরি, উদ্যোগ, কিংবা ইন্টারভিউ বোর্ডের ভয় কাটাতে সাহায্য করবে।
গুগল গ্যারেজের ইতিহাস
২০১৫ সালে ‘গ্রো উইথ গুগল’ প্রকল্পের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করে গুগল গ্যারেজ। নতুন উদ্যোক্তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা গড়ে তোলা এবং ডিজিটাল দুনিয়ার নানা টুল-বিষয়ক প্রশিক্ষণ দিতে এ পর্যন্ত বিশ্বের ৫০০টির বেশি স্থানে ৪ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে তারা।
কী কী আছে
ডেটা অ্যান্ড টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট—এসব বিষয়ে আছে ১৪৬টি কোর্স। কোর্সভেদে ২ ঘণ্টা থেকে শুরু করে ২০ ঘণ্টার বেশি দৈর্ঘ্যের ধারণকৃত ভিডিও আছে এই মাধ্যমে। নির্ধারিত মডিউলে রেকর্ড করা এসব কোর্স ভাগ করা আছে তিন ভাগে—বিগিনার (নবিশ), ইন্টারমিডিয়েট (মোটামুটি দক্ষ) ও অ্যাডভান্স (দক্ষ) লেভেল। তাই একেবারে শুরু থেকে শুরু না করতে চাইলে ফিল্টার অপশন থেকে পছন্দমতো কোর্স বেছে নিতে পারবেন যে কেউ। এ ছাড়া কোর্সগুলোর নানা অংশে গুগল অ্যাডস, টুইটার অ্যাডস, উইক্স, ম্যাগনেটো, জিম্বো, ফেসবুক ফর বিজনেস, অ্যাডোব অ্যানালিটিকস, বিং অ্যাডসের মতো বিভিন্ন ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন, বিশ্লেষণ ও ই-কমার্স টুলসের পরিচিতি ও ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।
কোর্স শেষে মিলবে সনদ
গুগল গ্যারেজের ‘ফান্ডামেন্টালস অব ডিজিটাল মার্কেটিং’ কোর্সটি শেষে ছোট্ট একটি পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলছে সনদ, যা যুক্ত করা যাবে সিভি কিংবা লিংকডইন প্রোফাইলে। অন্য কোর্সগুলোতে সনদ না থাকলেও শেখার সুযোগ তো আপনি পাবেনই।
কেন শিখব গুগল গ্যারেজে?
বিনা মূল্যে পাওয়া গেলেও গুগল গ্যারেজের কোর্সগুলো তৈরি করেছেন বিশ্বের সেরা উদ্যোক্তা, ব্যবসাবিশেষজ্ঞ এবং এ ক্ষেত্রে দক্ষ মানুষেরা। এ ছাড়া ইউনিভার্সিটি অব ভার্জেনিয়া, মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অকল্যান্ডের মতো নামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা শেখাচ্ছেন গুগল গ্যারেজে। তাই পৃথিবীর সেরাদের কাছ থেকে সবচেয়ে আধুনিক দক্ষতা সম্পর্কেই জানার সুযোগ থাকছে এই মাধ্যমে।
সাপ্তাহিক ওয়েবিনার
নানা রকম কোর্সের সঙ্গে এসব বিষয়ে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে আয়োজন করা হয় ওয়েবিনার। গুগল গ্যারেজের ওয়েবিনার অংশে নিবন্ধন করলে অংশগ্রহণের সুযোগ জানিয়ে বিস্তারিত ই-মেইল চলে যাবে নিবন্ধনকারীর কাছে। ঘণ্টাব্যাপী এই ওয়েবিনারে প্রশিক্ষককে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান অংশগ্রহণকারীরা। এ ছাড়া ইউটিউব চ্যানেলেও আপলোড করা থাকে পুরো ওয়েবিনারটি।