শতভাগ বৃত্তিসহ হাঙ্গেরি গিয়ে যেভাবে পাইলট হতে পারেন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কম্পিউটার প্রকৌশলে পড়তেন শাহীন আলম। কিন্তু তাঁর স্বপ্ন ছিল—পাইলট হবেন। স্বপ্ন পূরণের প্রত্যয়ে রুয়েট ছেড়ে তিনি পৌঁছে গেছেন হাঙ্গেরিতে। সেখানে বিমান ওড়ানোর প্রশিক্ষণ নিচ্ছেন। পড়ুন তাঁর অভিজ্ঞতা।
ছোটবেলা থেকেই বিমানের শব্দ শুনলে ছুটে যেতাম বাইরে। আকাশে তাকিয়ে বিমানটা খুঁজতাম। একদৃষ্টিতে তাকিয়ে থাকতাম ততক্ষণ, যতক্ষণ না বিমানটা আকাশে বিন্দু হয়ে মিলিয়ে যায়। মনে মনে ভাবতাম, একদিন আমিও বিমান চালাব। কিন্তু বৈমানিক বা পাইলট হতে হলে কোথায় যাব, কী করব, কী নিয়ে পড়ব, কিছুই জানতাম না।
২০১১ সালে রাজশাহী ক্যাডেট কলেজে ভর্তি হলাম। আমাদের কলেজের ওপর দিয়ে হরহামেশাই উড়ত প্রশিক্ষণ বিমান। ছুটির দিনগুলোতে যখন হাউসে থাকতাম, তখনো বিমানের শব্দ শুনলেই তাকাতাম আকাশে।
২০১৭ সালে যখন কলেজজীবন শেষের দিকে, তত দিনে আমি মোটামুটি খোঁজখবর করে জানতে পেরেছি—পাইলট হওয়ার প্রশিক্ষণ অনেক ব্যয়বহুল। যেটুকু ইচ্ছা ছিল, তা নিয়ে আর সামনে এগোনো হয়নি। অতএব কলেজ পেরোনোর পর আমার ঠিকানা হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিষয়—কম্পিউটার প্রকৌশল।
রুয়েটে সময় ভালো যাচ্ছিল না। একটা বছর মোটামুটি হতাশার মধ্যেই কাটল। ২০১৯ সালে আমি বিভিন্ন বৃত্তির জন্য আবেদন করতে শুরু করলাম। ভারত, চীন, রাশিয়া, হাঙ্গেরি, কোরিয়া—এমন নানা দেশে বৃত্তির আবেদন করেছিলাম। শেষ পর্যন্ত রাশিয়া, হাঙ্গেরি আর সৌদি আরবভিত্তিক ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বৃত্তি—এই তিনটির জন্য নির্বাচিত হলাম। আমি বেছে নিলাম হাঙ্গেরি। কারণ, এই ‘ফুল ফান্ডেড স্কলারশিপ’–এর আওতায় বিনা খরচে বৈমানিক হওয়ার প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে।
এখন আমি হাঙ্গেরির ইউনিভার্সিটি অব ডেব্রেসেনে স্নাতক করছি। দ্বিতীয় বর্ষের তত্ত্বীয় পড়ালেখার পাশাপাশি ফারমাফ্লাইট ফ্লাইং একাডেমিতে হাতে–কলমে বিমান চালানো শিখছি। কখনো ভাবিনি, ছোটবেলার স্বপ্ন এভাবে পূরণ হবে।
হাঙ্গেরির অভিজ্ঞতা
আমার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো হাঙ্গেরিকে উচ্চশিক্ষার জন্য বেছে নেওয়া। একেবারেই নতুন বন্ধু, নতুন সংস্কৃতি, নতুন ভাবনা, ভাষা। কিন্তু আমি ওদের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছি। এখানে ক্লাসে পড়াশোনার মাধ্যম ইংরেজি। ক্যাডেট কলেজে যেহেতু ইংরেজি মাধ্যমে পড়েছি, তাই পড়াশোনা করতে কোনো সমস্যা হয়নি। এখানকার স্থানীয় সংস্কৃতি ও ভাষার সঙ্গে নতুন করে পরিচয় হচ্ছে। দেশে নানা রকম স্বেচ্ছাসেবামূলক কাজ ও সহশিক্ষা কার্যক্রমে নিজেকে ব্যস্ত রেখেছিলাম। হাঙ্গেরির বৃত্তি এখন আমার জানার দুনিয়া আরও বড় করে দিয়েছে আর সহশিক্ষা কার্যক্রমের সুযোগ আরও বেড়েছে।
আমার পড়ার বিষয়টা যেহেতু একটু আলাদা, সেই সুবাদে হাঙ্গেরিকে ভূপৃষ্ঠের ৮-৯ হাজার ফুট ওপর থেকে দেখার সুযোগ হয়েছে। দেশটা কী যে সুন্দর! একেকটি শহরে একেকটি বিশ্ববিদ্যালয়। প্রতিটি শহরের আলাদা রকম সৌন্দর্য।
২০২০ সালের ৯ জুলাই জীবনে প্রথমবার ককপিটে বসে নিজ হাতে বিমান উড়িয়েছি। নিঃসন্দেহে এটি আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর একটি। এরপরও হাঙ্গেরির আরও ৮-৯টি শহরে বিমান চালানোর অভিজ্ঞতা হয়েছে। প্রতিবার নতুন আবহাওয়া, নতুন চ্যালেঞ্জ নিয়ে বিমান চালানোর প্রশিক্ষণ আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।
বৈমানিক হওয়ার ধাপ
বৈমানিকের প্রশিক্ষণ মানে কিন্তু শুধু বিমান চালানোই নয়। আমাকে এখানে ‘পাইলট লাইসেন্স’ পেতে হলে ইউরোপিয়ান রেগুলেশন্সের অধীনে ‘পাইলট ট্রেনিং’ সম্পর্কিত ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আমাকে শারীরিকভাবে ‘ফিট’ বিবেচনা করল কি না এবং আমি ইংরেজি ভাষায় যথেষ্ট পারদর্শী কি না, সেটাও গুরুত্বপূর্ণ।
কমবেশি সব দেশেই বৈমানিক হওয়ার ধাপগুলো এ রকম। ইতিমধ্যে আমি ২৭ ঘণ্টা উড্ডয়ন শেষ করেছি। বাকি প্রশিক্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছি।
কঠিন সময়গুলোতে মা-বাবার সহায়তা পেয়েছিলাম বলেই এত দূর আসতে পেরেছি। তাই বলে ছেলেবেলার অভ্যাস কিন্তু হারিয়ে যায়নি। বিমানের শব্দ শুনলেই আকাশে তাকাই এখনো।
আমি যে বৃত্তি নিয়ে ইউরোপের দেশ হাঙ্গেরিতে পড়তে এসেছি, তার নাম ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম’। অনেকে নিশ্চয়ই এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হবেন। তাঁদের একটু ধারণা দেওয়া যাক।
প্রতিবছর নভেম্বর মাসে আবেদন শুরু হয় এবং জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত আবেদন করা যায়। এই বৃত্তির অধীনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ আছে। তবে বৈমানিক হওয়ার জন্য শুধু স্নাতক কোর্সে আবেদন করা যাবে। এ ছাড়া মানবিক, ব্যবসায় শিক্ষাসহ নানা বিষয়ে আবেদন করা যাবে। বিস্তারিত আপনি এই ওয়েবসাইটে দেখে নিতে পারেন।
বৃত্তিটি পেতে হলে তিন ধাপে উত্তীর্ণ হতে হয়।
প্রথম ধাপ: বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং হাঙ্গেরীয় বৃত্তির নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে মনোনয়ন পাওয়ার জন্য বিজ্ঞপ্তিতে যা যা কাগজ চাওয়া হয়েছে, তা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
দ্বিতীয় ধাপ: শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর হাঙ্গেরির নির্ধারিত বিশ্ববিদ্যালয় আয়োজিত পরীক্ষায় অংশ নিতে হয়। আমি যে কোর্সে আবেদন করেছি, সেটির জন্য পরীক্ষার বিষয় ছিল মূলত পদার্থবিজ্ঞান ও গণিত। পছন্দের বিষয় ভেদে পরীক্ষার ধরন ভিন্ন হতে পারে।
তৃতীয় ধাপ: পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মৌখিক পরীক্ষা নেয়। লিখিত ও মৌখিক পরীক্ষা, সেই সঙ্গে অন্যান্য দক্ষতা বিচার করে বৃত্তির জন্য নির্বাচন করা হয়। সাধারণত জুন-জুলাই মাসে চূড়ান্ত ফলাফল পাওয়া যায়।
এই বৃত্তিটি পেতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আইইএলটিএস বা টোয়েফল সনদ থাকতে হবে। তবে পাইলট কোর্সের জন্য নির্বাচিত হতে হলে সম্প্রতি এইচএসসি উত্তীর্ণ হলে সবচেয়ে ভালো। এর আগের ব্যাচ হলেও আবেদন করতে কোনো বাধা নেই। কলেজজীবনের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের সনদ জমা দিলে আপনার বৃত্তি পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আবেদনে আগ্রহীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন।