শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি শিক্ষকনেতাদের
শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এবং সরকারি-বেসরকারি বৈষম্য দূর করতে পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকনেতারা। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) প্রতিষ্ঠাতা সম্পাদক ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সাবেক অধ্যক্ষ এম শরীফুল ইসলামের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে শিক্ষকনেতারা এ দাবি জানান। বাকশিস ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত হয় এ স্মরণসভা।
স্মরণসভায় মুখ্য আলোচক প্রবীণ শিক্ষকনেতা মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, শিক্ষাব্যবস্থা পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি সময়ের দাবি।
এ সময় শিক্ষকনেতারা তাঁদের বক্তব্যে শিক্ষকদের চাকরিবিধি, বেতন স্কেল, অবসর সুবিধাসহ পেশাগত বিভিন্ন সুবিধা আদায়ে প্রয়াত শিক্ষকনেতা এম শরীফুল ইসলামের অবদানের কথা স্মরণ করেন।
বাকশিস সভাপতি ইসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকশিস মহাসম্পাদক এ কে এম আবদুল্লাহ, প্রবীণ শিক্ষকনেতা মাইন উদ্দীন আহমদ, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, আনোয়ার হোসেন মণ্ডল প্রমুখ।