শিক্ষার্থীদের ঘরে ওয়ার্কশিট পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিক্ষাই জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি। তিনি বলেন, চলমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতি সত্ত্বেও প্রাথমিক শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা  চলমান রয়েছে। এ ছাড়া ইতিমধ্যে জুম ও গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাসও শুরু হয়েছে। শিক্ষার্থীদের ঘরে ঘরে ওয়ার্কশিট পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলছে।

গতকাল শনিবার শেরেবাংলা নগরে এলজিইডি ভবনে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২–এর অর্জনসমূহের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠচর্চা ও পাঠে মনোযোগী রাখার উদ্দেশ্যে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ‘ঘরে বসে শিখি’ পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতার ও দেশের সব কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রাথমিক শিক্ষা কার্যক্রমও অব্যাহত রয়েছে। এ ছাড়া ইতিমধ্যে জুম ও গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাসও শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের ঘরে ঘরে ওয়ার্কশিট পৌঁছে দেওয়ার কার্যক্রমও চলছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুর রশিদ খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রতন চন্দ্র পণ্ডিত এবং রস্কের প্রকল্প পরিচালক মো. মাহবুব হাসান শাহীন। এলজিইডি ও ডিপিই যৌথভাবে এ পর্যালোচনার সভার আয়োজন করে।