শিক্ষার্থীদের পদচারণে মুখর শান্ত-মারিয়ামের স্থায়ী ক্যাম্পাস
সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন হয়েছে। উত্তরা ১৭ নম্বর সেক্টরের কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে গড়ে তোলা হয়েছে এই সুপরিসর দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে এ ক্যাম্পাস।
এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবির শান্ত বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হককে সঙ্গে নিয়ে ২০০৩ সালে রাজধানীর উত্তরায় এটি প্রতিষ্ঠা করেন। এর পর থেকেই শুরু স্থায়ী ক্যাম্পাসের স্বপ্নবুনন।
২০১৭ সালের ২০ জুলাই স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নির্মাণ কার্যক্রমের। টানা তিন বছর কাজ চলার পর গত বছরের শেষ নাগাদ এসে সম্পন্ন হয় ক্যাম্পাসটি। তবে মূল পরিকল্পনা অনুযায়ী বর্তমান ভবনের পেছনে এল-শেপের আরও একটি ভবন নির্মাণ করা হবে, যার কাজও শিগগির শুরু হবে। একটি সৃজনশীল বিশ্ববিদ্যালয় হিসেবে এর স্থাপত্য নকশা তৈরির ক্ষেত্রে ভিন্নতা তথা দৃষ্টিনন্দনের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ৩.৭ বিঘা জমির ওপর গড়ে তোলা হয় সাদা রঙের ১১ তলা সুরম্য ভবন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ক্যাম্পাস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে এবং স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দেয়। এরপর গত ৪ ডিসেম্বর থেকে স্বপ্নের ক্যাম্পাসে শুরু হয় সার্বিক একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে ক্লাস, লাইব্রেরি, ক্যানটিন তথা পুরো ক্যাম্পাস। একই সঙ্গে প্রস্তুত ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির র্যাম্প মডেলদের দৃষ্টিনন্দন র্যাম্প স্টেজ, গ্রাফিক ডিজাইনারদের পোর্টফোলিও প্রদর্শনীর বিশাল গ্যালারি ও অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজির প্যাটার্ন গ্যালারি, অডিটরিয়ামসহ সবকিছু। এর বিশাল লাইব্রেরিতে একসঙ্গে অনেক শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে তাঁদের জ্ঞান আহরণের কাজটি করতে পারবেন, পারবেন বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক তথা সখ্য গড়তে।
পুরো ক্যাম্পাস ওয়াই–ফাই ইন্টারনেট সংযোগের আওতাধীন। ক্লাসরুম হাইটেক মাল্টিমিডিয়া সুবিধাসংবলিত। আছে রিসোর্সফুল ই-লাইব্রেরি, অত্যাধুনিক ল্যাব, ট্রান্সপোর্ট ও হোস্টেল ফেসিলিটিজ। একই সঙ্গে সৃজনশীলতা ও ক্যারিয়ার পরিকল্পনার জন্য আছে ক্যারিয়ার ক্লাব, সায়েন্স ক্লাব, কালচারাল ফোরাম ইত্যাদি।
স্থায়ী ক্যাম্পাসে শিক্ষকদের গবেষণা কার্যক্রমের জন্য ব্যাপকভিত্তিক সুযোগ-সুবিধা তথা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ভবন নির্মাণ সম্পন্ন হলে ইনডোর স্পোর্টস ও জিমনেশিয়াম তৈরি করা হবে।
চীনের হোংহে বিশ্ববিদ্যালয়সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে শিক্ষার্থী বিনিময়সহ সাংস্কৃতিক বিভিন্ন আচার-অনুষ্ঠান তথা প্রতিযোগিতা এবং শিক্ষা সফরের মতো বিভিন্ন আন্তবিশ্ববিদ্যালয় চুক্তি।
কর্মমুখী ও সৃজনশীল কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে চাকরি উপযোগী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে গড়া এ বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ডিজাইন বেজড বিশ্ববিদ্যালয়। ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি, ফ্যাকাল্টি অব ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস এবং ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজ—এই তিন অনুষদের অধীন যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বিশ্ববিদ্যালয়টি। গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া ও ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগ দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতেই রয়েছে। ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং নৃত্য বিভাগ প্রথম এ বিশ্ববিদ্যালয়েই শুরু হয়।
এ পর্যন্ত দুটি সমাবর্তন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে শান্ত-মারিয়ামের এবং প্রস্তুতি চলছে তৃতীয় সমাবর্তনের। এর বোর্ড অব ট্রাস্টিজের দায়িত্বে আছেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য শামসুন নাহার, রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমানসহ আছেন অভিজ্ঞ ডিন, বিভাগীয় প্রধান এবং পর্যাপ্তসংখ্যক পূর্ণ ও খণ্ডকালীন অভিজ্ঞ শিক্ষক।
কর্মমুখী ও সৃজনশীল শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা নিজ নিজ কর্মস্থলে কর্মসংস্থানের অবাধ সুযোগ গ্রহণসহ উদ্যোক্তা হিসেবেও উল্লেখযোগ্য অবদান রাখার কারণে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়কে ‘ক্রিয়েটিভ ডেসটিনেশন অব দ্য নেশন’ হিসেবে আখ্যায়িত করা হয়। শিক্ষাকে বাজার উপযোগী করে সমন্বয়ের জন্য শিক্ষার্থীদের হাতে-কলমে কর্মমুখী শিক্ষাদানে এ প্রতিষ্ঠানের রয়েছে সহায়ক বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে আছে ক্রিয়েটিভ ম্যানিকুইনস, ক্রিয়েটিভ ফার্নিচার, আর্ট হাট অ্যান্ড গ্যালারি, শান্ত-মারিয়াম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, শান্ত-মারিয়াম সেন্টার ফর ক্রিয়েটিভ মিডিয়া, দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম ফ্যাশনস, শান্ত-মারিয়াম নিট কম্পোজিট ও ক্রিয়েটিভ হাব।
ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির অন্তর্ভুক্ত বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশ-বিদেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন বিভিন্ন টিভি চ্যানেল, অ্যাড ফার্ম, ডিজাইন হাউস ইত্যাদি প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করার সুযোগসহ সফল উদ্যোক্তা হিসেবে ফ্যাশন হাউস, ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ও অ্যাড ফার্ম তৈরি করে ব্যবসা পরিচালনা ও কর্মসংস্থান তৈরির সুযোগ পান। এ দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পসহ তথ্যপ্রযুক্তি, আবাসন প্রকল্প, মিডিয়া, অ্যাড ফার্ম ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নেও এ শিক্ষার্থীরা উল্লেখযোগ্য অবদান রাখছেন।
এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য আরও অর্জন হচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত ‘ফেস অব এশিয়া’ প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ অনন্যা ফাতিমা ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি প্রোগ্রামের ৩৪তম ব্যাচের শিক্ষার্থী, ৭৪তম কান ফেস্টিভ্যালে মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’–এর প্রথম সহকারী পরিচালক ও কাস্টিং পরিচালক এবং অভিনয়শিল্পী ইয়াসির আল হক ও শিল্পনির্দেশক মাসুম মেহেদী শান্ত-মারিয়ামের জিডিএম ডিপার্টমেন্টের ২১তম ব্যাচের শিক্ষার্থী, ২০১১ সালে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ জার্সি ডিজাইনার, স্টাইলগুরু চ্যাম্পিয়ন, জামদানি জাদুঘর অ্যাওয়ার্ড, ২০১৯ এশিয়ান ফ্যাশনস অ্যাকসেসরিজ ডিজাইন অ্যাওয়ার্ড (প্রথম,দ্বিতীয়, তৃতীয়), ভিট ল্যাকমে ফ্যাশনস, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, এনটিভি ক্লোজআপ ওয়ান, আরটিভি অ্যানুয়াল অ্যাওয়ার্ড, বেঙ্গল প্রতিভা বিকাশ, আর্টিস্ট আমিনুল ইসলাম ট্রাস্ট ফেলোশিপ, ইউরোশিয়া ওয়াটার কালার গোল্ড মেডেল ইত্যাদি।
ক্রিকেট ও ফুটবলে জাতীয় পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সুনাম অর্জন করেছেন। যেমন ক্লেমন ইনডোর ও আউটডোর ক্রিকেট টুর্নামেন্টে ২০১৪-২০১৯ পর্যন্ত ৩২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্রিকেটে এ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের শিফন কলাবাগান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন। নরওয়েতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে এ বিশ্ববিদ্যালয়ের জিডিএম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এ ছাড়া আরও কিছু শিক্ষার্থী আছেন, যাঁরা কেউ মোহামেডান স্পোর্টিং ক্লাবে, কেউ ব্রাদার্স স্পোর্টিং ক্লাবে খেলছেন।
করোনা মহামারির শুরু থেকেই বিশ্ববিদ্যালয়টি অনলাইন শিক্ষাদানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে শিক্ষার গুণগত মান বজায় রেখে অনলাইন শিক্ষাদানে অন্তর্ভুক্ত হয়, যেখানে প্রথমেই সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়। কারও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ না থাকলে সে বিষয়ও অভিভাবকদের সমন্বয়ে সমাধানের চেষ্টা করা হয়। পরীক্ষা গ্রহণ কার্যক্রমও অত্যন্ত সফলভাবে চলছে। অনলাইন শিক্ষা কার্যক্রমে বিডিরেন (ইউজিসি) রেটিংয়ে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন ৬ নম্বরে।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অন ক্যাম্পাস শিক্ষার পাশাপাশি দূরশিক্ষণের মাধ্যমে দেশের দূরদূরান্তের শিক্ষার্থীদের একই ছাদের নিচে অন্তর্ভুক্ত করে দেশব্যাপী দূরশিক্ষণ শিক্ষার এক ব্যতিক্রমী হাব হিসেবে নিজেদের প্রস্তুত করার পথে কাজ করছিল। কিন্তু এ শিক্ষা মাঝপথে থেমে গেলেও দূরশিক্ষণের সেই অভিজ্ঞতাকে এখন তাঁরা কাজে লাগাচ্ছেন অনলাইনে অত্যন্ত পেশাদারির সঙ্গে। এর সুফল গ্রহণ করছেন শিক্ষার্থীরা। তাঁরা পাচ্ছেন সময়ের সেরা অনলাইন শিক্ষাসেবা, আর কর্তৃপক্ষ মনোযোগ দিচ্ছে আরও নতুনত্বের পথে বিশ্বসেরা অনলাইন শিক্ষাদানের গবেষণায়।