শিক্ষার্থীরা আজও রাস্তায়
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী শিক্ষার্থীরা আজ সোমবার আবার আন্দোলনে নেমেছেন। রাজধানীর মিরপুর রোড, উত্তরার হাউস বিল্ডিং, রামপুরা, বনানী সংলগ্ন কাকলী মোড়সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। কাকলী মোড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। চট্টগ্রামেও শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভ চলছে।

রাজধানীর বনানী সংলগ্ন কাকলী মোড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।

ঢাকায় ঢোকার মুখে উত্তরার হাউস বিল্ডিংয়ের সামনে সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সড়কের দুই পাশে বসে আছেন তাঁরা। ড্যাফোডিল, শান্তা মারিয়াম, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, আইইউবিএটি, এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশ দায়িত্বপালন করছেন। তবে ওই এলাকায় খুব বেশি যানজট সৃষ্টি হয়নি। উত্তরার বিভিন্ন সেক্টর, মিরপুরের বেড়িবাঁধসহ বিকল্প বিভিন্ন রাস্তা দিয়ে গাড়িগুলো ঘুরে যাচ্ছে। আছে। উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হোসেন বলেন, যানজট তেমন দেখা যায়নি।

মিরপুর রোডের দুটি জায়গা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার এক পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ওই সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরে যেতে হয়।
প্রায় একই সময় ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে সকাল সাড়ে ১১টার দিকে অবরোধ করে বিক্ষোভ করছেন শতাধিক শিক্ষার্থী। সিডিএ অ্যাভিনিউয়ের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ।
শিক্ষার্থীদের আন্দোলনে গতকাল রোববারও অচল ছিল ঢাকা। সংঘর্ষ, লাঠিপেটা ও ভাঙচুরের মতো ঘটনা না ঘটলেও দিনভর জনদুর্ভোগ ছিল শহরজুড়ে। ২৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর রাজপথে নেমে এসে অবস্থান নেন।

ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী ও নারায়ণগঞ্জে ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। এ পরিস্থিতিতে চারটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনভর বিক্ষোভ প্রদর্শন, সড়ক অবরোধ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালনের পর গতকাল বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি গতকালের মতো শেষ করেন।
রাজশাহী: ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ সকাল ১০টা থেকে নগরের তালাইমারী এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী সড়ক অবরোধ করে ‘নো ভ্যাট’ স্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের দুই পাশে গাড়ির দীর্ঘ সারি দাঁড়িয়ে যায়। এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশ গিয়ে রাস্তার এক পাশ ফাঁকা করে দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা করে। বেলা ১১টার দিকে নগরের কাজলা এলাকা থেকে প্রায় ২০০ শিক্ষার্থীর আরও একটি মিছিল গিয়ে তাঁদের সঙ্গে যোগ দেন। এরপর তাঁরা অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিল করতে করতে তালাইমারী মোড়ের দিকে যান। বেলা সোয়া ১১টার দিকে তাঁরা আলুপট্টির মোড়ে গিয়ে সমাবেশ করছেন।