শোয়ার্জেনেগার কীভাবে নিন্দুকের কথার জবাব দিয়েছিলেন
আর্নল্ড শোয়ার্জেনেগারকে সারা পৃথিবী চেনে ‘টার্মিনেটর’ হিসেবে। তিনি একজন অভিনেতা, পেশাদার বডিবিল্ডার। রাজনীতিও করেছেন। ছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। অথচ ক্যারিয়ারের শুরুতে নিন্দুকের কাছ থেকে নানা কটু কথা শুনতে হয়েছিল তাঁকে। কীভাবে সেই দুঃসময় পেরিয়ে শোয়ার্জেনেগার আজকের অবস্থানে পৌঁছলেন, সে কথা তিনি বলেছিলেন অস্ট্রেলিয়ার সিডনিতে দেওয়া এক বক্তৃতায়।
এটা খুবই স্বাভাবিক, আপনার লক্ষ্য যখন বিশাল, স্বপ্ন আকাশছোঁয়ার এবং উদ্দেশ্য বৃহৎ, তখন পাছে লোকে কিছু বলবেই। তারা বলবে, এ তো অসম্ভব। আমার বয়স যখন ১৫ এবং যখন আমি বডিবিল্ডার হয়ে উঠলাম, তখন থেকেই এর শুরু। বডিবিল্ডার হওয়ার পর বললাম, আমি বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই, আমি মিস্টার ইউনিভার্স হতে চাই। আমার কথা মাটিতে পড়তে না পড়তেই নিন্দুকেরা বলতে শুরু করল, মাথা ঠিক আছে?
বডিবিল্ডিং হলো আমেরিকান খেলা, যত সব পাগলের প্রলাপ, ওসব ভুলে যাও। তারপর আমি বডিবিল্ডিংয়ে ১৩ বার বিশ্বচ্যাম্পিয়ন হলাম। তখন চাইলাম, বিনোদনের ময়দানে কিছু করব। সবাইকে বলে বেড়ালাম, আমি রেগ পার্কের মতো হতে চাই। মিস্টার ইউনিভার্স থেকে যিনি হয়ে উঠেছিলেন হারকিউলিসখ্যাত তারকা। আমি চাই ‘হারকিউলিস’ হতে আর ছবিতে নাম লেখাতে।
আমি যখন এজেন্ট আর ম্যানেজারদের সঙ্গে কথা বললাম, তখন তাদের প্রতিক্রিয়া ছিল এ রকম, ‘ওহ্ আর্নল্ড, তোমার কথা বড় হাস্যকর শোনাচ্ছে!’ , ‘তুমি এই লাইনে সেরা হতে চাইছ?’ , ‘প্রথমে তোমার দেহটার দিকে তাকাও। তুমি তো অতিকায়, রীতিমতো দৈত্য!’ , ‘তোমার উচ্চারণও তো জঘন্য। তুমি এবার আসতে পারো। জীবনে কোনো ছবি দেখেছ, যেখানে তারকারা জার্মান উচ্চারণে কথা বলে?’ , ‘হবে না। সব ভুলে যাও।’ , ‘তোমার নামটা যেন কী? শোয়ার্টজেন, শ্নিটজেল বা এ রকম কিছু তো? দর্শক যখন শুনবে শোয়ার্টজেন-শ্নিটজেল নামের এক লোক ছবিতে অভিনয় করছে, তখন তো সিনেমা হলে তুলকালাম বাধাবে!’ এখনো দৃশ্যগুলো চোখে ভাসে।
কল্পনা করুন, যেখানে যাই, সেখানেই লোকজন বলে, তোমাকে দিয়ে হবে না। সব ভুলে যাও। ভাগ্যিস, আমি ওসব কানে তুলিনি। আমি অভিনয়ের ক্লাসে ভর্তি হলাম, ইংরেজি শিখতে শুরু করলাম, এমনকি আমার উচ্চারণ ভুলে যাওয়ার ক্লাসও করলাম। সারা দিন বিড়বিড় করতে লাগলাম, ‘আ ফাইন ওয়াইন গ্রোজ অন আ ভাইন।’
একদিন দুম করে একটা মওকা পেয়ে গেলাম আমি। সুযোগ হলো টেলিভিশন শোতে অংশ নেওয়ার। ছোট্ট একটা পার্ট, তারপর আরও একটি ছোট পার্ট। তারপর নাম হলো পাম্পিং আয়রন আর স্টে হাংরি ছবিতে কাজ করে। অবশেষে বড় পরিসরে নাম ফাটল কোনান দ্য বারবারিয়ান ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সংবাদ সম্মেলনে এর পরিচালক অকপটে স্বীকার করলেন, ‘পেশিবহুল শোয়ার্জেনেগারকে না পেলে অন্য কাউকে নিয়ে ওর মতো পেশি বানিয়ে নিতে হতো।’ টার্মিনেটর ছবিতে অভিনয় করার পর জেমস ক্যামেরন বললেন, ‘এই ছবির “আই উইল বি ব্যাক” সংলাপটি সিনেমার ইতিহাসে বিখ্যাত হয়েছে শোয়ার্জেনেগারের অদ্ভুত উচ্চারণের কারণে। ও সংলাপটি উচ্চারণ করেছিল একদম যন্ত্রের মতো!’ বুঝতেই পারছেন, নিন্দুকেরা যেসব নিয়ে নিন্দা করেছিল, সেসবই কেমন মূলধন হয়ে উঠল। উন্নাসিক নিন্দুকদের ছায়াও মাড়াবেন না।