‘সফলতার সঙ্গে মধ্যম আয়ের দেশের দিকে এগোচ্ছি’
‘আমরা উন্নয়নশীল দেশ এবং প্রতিবছরই সফলতার সঙ্গে মধ্যম আয়ের দেশের দিকে এগোচ্ছি। এ কারণে আমাদের বাজেটগুলো হয় উচ্চাভিলাষী। তা হলেও বছর শেষে এর কাছাকাছি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি।’ এক বৈঠকে সামিট কমিউনিকেশনসের এমডি এবং সিইও আরিফ আল ইসলাম এসব কথা বলেন। সরকারের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউনট্যান্টস (এসিসিএ) বাংলাদেশের ভার্চ্যুয়াল গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
আরিফ আল ইসলাম বলেন, ‘১০ বছর আগে ২০১১ সালে আমদের বাজেট ছিল ১ লাখ ৬৩ হাজার কোটি টাকা, ২০২১ সালে তা হয়েছে প্রায় ৬ লাখ কোটি টাকা। ট্যাক্স কালেকশন ১০ বছর আগে ছিল ৯২ হাজার কোটি টাকার মতো। বর্তমানে তা প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টকা। এ ১০ বছরে ৪০০ শতাংশের কাছাকাছি গ্রোথ হয়েছে। আমরা সৌভাগ্যবান যে উন্নয়নশীল থেকে মধ্যম আয়ের অগ্রযাত্রায় অংশীদার হতে পেরেছি। আগে দেশের মানুষ বিদেশে চাকরি করতে যেতেন, এখন বিদেশ থেকে এখানে মানুষ কাজের জন্য আসছে।’
১২ জুন অনুষ্ঠিত এ বৈঠকে অন্যদের মধ্যে পিডব্লিউসি বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মামুন রশীদ, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান, এসিসিএ বাংলাদেশের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার-লার্নিং শাহ ওয়ালীউল মনজুর, মার্কেটিং ম্যানেজার আবদুল্লাহ আল হাসান, বিজনেস সার্ভিস ও কমপ্লায়েন্স ম্যানেজার জি এম রাশেদ, সৈয়দা সাদিয়া আফরোজসহ এসিসিএ বাংলাদেশের মেম্বার এবং বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসিসিএ বাংলাদেশের হেড অব এডুকেশন প্রমা তাপসী খান এবং আয়োজনে সহায়তা করেন এইস অ্যাডভাইজরি এবং ট্যাক্সহাউস বাংলাদেশ লিমিটেড।
বাজেট বিশ্লেষণে আরিফ আল ইসলাম আরও বলেন, ‘আমাদের সর্বোপরি ট্যাক্স ব্র্যাকেট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। গত এক বছরে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পরিমাণ ২০ শতাংশ বেড়েছে। এখন প্রায় ২৫ লাখ মানুষ আয়কর পরিশোধ করেন। যদিও জনসংখ্যার তুলনায় এটা নগণ্য, তবু দিন দিন এর পরিমাণ বাড়ছে। সবকিছু একটি পজিটিভ দিকে এগোচ্ছে, জিডিপি গ্রোথও অনেক ভালো। সরকার খুব চেষ্টা করছে নতুন ম্যানুফ্যাকচারিং কনসার্নগুলোকে সুবিধা দিতে, যাতে আমদানিনির্ভর না থেকে দেশেই উৎপাদন করা যায়। এবার করপোরেট ট্যাক্স ২ দশমিক ৫ শতাংশ কমলেও উইথহোল্ডিং ট্যাক্স ২ শতাংশ বেড়েছে। এতে মূলত ট্যাক্সের পরিমাণ বেড়েছে। এটা ইকোনমির জন্য কতটা ভালো হবে, সে প্রশ্ন থেকে যায়।’
বাজেটের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘাটতির পরিমাণও বাড়ছে উল্লেখ করে আরিফ আল ইসলাম বলেন, ‘১০ বছর আগে এই ঘাটতি ছিল ৪৫ হাজার কোটি টাকা, এবার সেটা ২ লাখ ১৪ হাজার কোটি টাকা। ঘাটতি আগে ছিল ২৭ শতাংশ, এখন তা ৩৬ শতাংশ, যা বাজেটের এক-তৃতীয়াংশের বেশি। এই ঘাটতির বেশির ভাগই পূরণ হয় জনগণের কাছ থেকে লোন নিয়ে, যেখানে ইন্টারেস্ট রেট অনেক বেশি। সরকার চাচ্ছে ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে। লো ইন্টারেস্ট রেট উন্নত দেশের একটি প্রধান সূচক।’