সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজকর্ম ১ম পত্র বিষয় থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
আলিফ ফ্যাশন হাউসের মালিক তন্ময় সান্যাল তাঁর প্রতিষ্ঠানের চিহ্নিত সমস্যাবলি দূরীকরণের জন্য একটি কমিটি গঠন করে কিছু দায়িত্ববান, বিজ্ঞ লোককে এসব সমস্যা সমাধানের উপায় নির্ধারণের দায়িত্ব প্রদান করেন। কমিটি প্রতিষ্ঠানের নানা দিক বিশ্লেষণ করে একটি খসড়া রিপোর্ট প্রদান করে। ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তন্ময় সান্যাল ওই রিপোর্টটি অনুমোদন করেন এবং তা বাস্তবায়নের নির্দেশ দেন।
ক. বাংলাদেশে প্রথম কত সালে শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
খ. জাতীয় শিক্ষানীতি ২০১০-এ নারীশিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে কেন?
গ. আলিফ ফ্যাশন হাউসের উল্লিখিত কার্যক্রমের সঙ্গে সামাজিক নীতির কোন দিকটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. কিছু সাফল্য থাকলেও উদ্দীপকের বিষয়টিতে ওই দিকটির পূর্ণ প্রতিফলন ঘটেনি—উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর-ক
১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম কুদরাত-এ-খুদা নামে শিক্ষানীতি প্রণয়ন করা হয়।
উত্তর-খ
নারীর সার্বিক উন্নয়ন, ক্ষমতায়ন ও সুষম সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০-এ নারীশিক্ষার প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারীকে পরিবারের মঙ্গল, শিশুযত্ন ও ঘরকন্নার কাজে সীমাবদ্ধ রেখে জাতীয় উন্নয়নে নিষ্ক্রিয় রাখলে জাতীয় উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। এ কারণে নারীকে শিক্ষিত হয়ে সব ক্ষেত্রে অবদান রাখার সুযোগ তৈরি করার জন্য নারীশিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।
উত্তর-গ
আলিফ ফ্যাশন হাউসের উল্লিখিত কার্যক্রমের সঙ্গে সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়াগত সাদৃশ্য রয়েছে।
সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে কতগুলো পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। প্রথমত, নীতি প্রণয়নের জন্য একটি যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ করা। অর্থাত্ কোনো বিষয়ে নীতি প্রণয়ন করতে হলে তা বিবেচনায় এনে অগ্রাধিকারের ভিত্তিতে নীতির ক্ষেত্র নির্বাচিত হয়। এই ক্ষেত্রটি যদি নীতি প্রণয়নের জন্য যৌক্তিক মনে হয়, তবে এ ব্যাপারে এই পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটি গঠন করে নীতির বিষয়টি বিশ্লেষণ তথা ক্ষেত্রটি সম্পর্কে পর্যবেক্ষণ, অনুসন্ধান গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করার ব্যবস্থা করা হয়। এ পর্যায়ে কমিটির সদস্যরা পারস্পরিক মতামতের ভিত্তিতে একটি খসড়া নীতি প্রস্তুত করেন এবং জনগণ সমর্থন করে কি না, তা যাচাই করে দেখা হয়। এরপর এটি পরীক্ষামূলক অনুশীলনের উদ্যোগ নেওয়া হয়। কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে নীতিটি চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নের রূপ লাভ করে। এভাবে গৃহীত নীতি মাঝেমধ্যেই মূল্যায়ন করে দেখা হয়, এটি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারছে কি না।
উদ্দীপকে তন্ময় সান্যাল উপর্যুক্ত পদ্ধতিতেই প্রথমে সমস্যা চিহ্নিত করলেন। অর্থাত্ নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা বোধ করলেন। এরপর তিনি একটি কমিটি তৈরি করে কিছু বিজ্ঞ লোককে সমস্যাবলি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের দায়িত্ব প্রদান করলেন। কমিটি সমস্যার প্রকৃতি বিচার-বিশ্লেষণ করে একটি খসড়া নীতি প্রস্তুত করল ও তন্ময় সান্যালের কাছে পাঠাল। তন্ময় সান্যাল সর্বশেষে ওই নীতি বাস্তবায়নের নির্দেশ দিলেন। তাই বলা যায়, তন্ময় সান্যালের প্রতিষ্ঠানের কার্যক্রমটি সামাজিক নীতি প্রণয়নের ধাপকেই নির্দেশ করছে।
উত্তর-ঘ
উদ্দীপকে তন্ময় সান্যালের প্রতিষ্ঠানের কার্যক্রমটি সামাজিক নীতি প্রণয়নের ধাপকে নির্দেশ করলেও ওই কার্যক্রমে সামাজিক নীতি প্রণয়নের ধাপগুলোর পূর্ণ প্রতিফলন ঘটেনি।
একটি নীতি প্রণয়নের ক্ষেত্রে সাধারণত ১০টি ধাপ অতিক্রম করতে হয়। যেমন: নীতি প্রণয়নের যৌক্তিক প্রয়োজনীয়তা নির্ধারণ, নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ, কমিটি গঠন, নীতির বিষয়াদি বিশ্লেষণ, খসড়া নীতি প্রস্তুতকরণ, খসড়া নীতি অনুমোদন ও বিধিবদ্ধকরণ, জনসমর্থনে আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ, পরীক্ষামূলক অনুশীলন, নীতির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন এবং মূল্যায়ন।
উদ্দীপকের তন্ময় সান্যালের প্রতিষ্ঠানটি এ ক্ষেত্রে কিছু ধাপ অনুসরণ করেনি। যেমন নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ। অর্থাত্ ব্যবসায়ের উন্নতির জন্য চিহ্নিত সমস্যাগ্রস্ত ক্ষেত্রটি কতটা যৌক্তিক, তা তন্ময় সান্যাল চিন্তা করেননি। আবার কমিটির দেওয়া খসড়া রিপোর্টটিতে কোম্পানির সাধারণ জনগণের সমর্থন রয়েছে কি না, তাও পরীক্ষা করে দেখা হয়নি। অর্থাত্ নীতির গ্রহণযোগ্যতা বা উপযোগিতা যাচাইয়ের জন্য সাধারণ জনগণের অংশগ্রহণের বিষয়টি উপেক্ষিত হয়েছে। তা ছাড়া খসড়া নীতিটি পরীক্ষামূলকভাবে অনুশীলনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খসড়া নীতিতে কোনো দোষত্রুটি আছে কি না, তা পরীক্ষা না করেই খসড়া নীতিটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। তা ছাড়া নীতিটিতে মূল্যায়ন ধাপটিরও কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না।
উপর্যুুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের নীতি প্রণয়নের ক্ষেত্রে সামাজিক নীতি প্রণয়নের ধাপের পূর্ণ প্রতিফলন ঘটেনি।
প্রভাষক, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর