সান্তাকে টিকা দিন—শিশুশিক্ষার্থীর চিঠির জবাবে যা বললেন ফাইজারের সিইও
করোনায় বিশ্বে ১৭ লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাজারে টিকা আসার খবরে কিছুটা আশা দেখছেন মানুষ। করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার–বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ডের টিকা নিচ্ছেন বিভিন্ন দেশের মানুষ। টিকার খবর শোনার পরই ছয় বছর বয়সী এক শিশুশিক্ষার্থী ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে আরজি জানিয়ে এক চিঠি লেখে। স্কুলশিক্ষার্থী ক্যালাম থর্নহিলের সিইওর কাছে অনুরোধ ছিল সান্তা ক্লজকেও যেন অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হয়। ক্যালাম থর্নহিলের চিঠির উত্তরও দিয়েছেন ফাইজারের সিইও।
ক্যালাম থর্নহিলের বাড়ি আয়ারল্যান্ডে। ছয় বছর বয়সী থর্নহিল পড়ে স্থানীয় একটি স্কুলে। এবারের বড়দিনের উৎসবে সান্তা ক্লজকেও পাবে না, এটা আগেই জানত থর্ন হিল। এ জন্য মন খারাপ ক্যালাম থর্নহিলের মাথায় বুদ্ধি আসে, টিকা নিতে পারলে তো সান্তা ক্লজের কোনো সমস্যা হবে না। মাথায় এ বুদ্ধি আসতেই চিঠি লেখে ফাইজারের সিইওকে অ্যালবার্ট বৌরলাকে। ফাইজারের কাছে থর্নহিলের জরুরি অনুরোধ, সান্তা ক্লজকেও যেন সবার আগে টিকা দেওয়া হয়। তার ধারণা, সান্তা ক্লজ টিকা পেয়ে সুস্থ হলেই সে পাবে বড়দিনের পূর্ণ আনন্দ। অ্যালবার্ট বৌরালাও থর্নহিলের চিঠির জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই সান্তার প্রয়োজনটি দেখব।’
থর্নহিলের মা পাওলা লিনেহান বলেন, তার ছেলে নভেম্বরের শুরুতে স্কুলে যাওয়ার পথে গাড়ির রেডিওতে টিকা তৈরির খবরটা প্রথম শোনে। সেদিন বাসায় ফিরেই সে ফাইজারকে টিকা তৈরির জন্য অভিনন্দন জানিয়ে চিঠিও লেখে। থর্নহিল চিঠিতে লিখেছিল, ‘প্রিয় ফাইজার, আমি শুনেছি আপনারা করোনাভাইরাসের জন্য নতুন টিকা তৈরি করেছেন। এটি খুবই ভালো কাজ। আপনারা কি কিছু টিকা উত্তর মেরুতে পাঠাতে পারবেন, যেখানে সান্তা ও তার এলভরা (পরি) থাকে, প্লিজ সেখানে টিকা পাঠান?’
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, আইরিশ এক্স্যামিনার নামে আয়ারল্যান্ডের একটি গণমাধ্যম ক্যালাম থর্নহিলের চিঠি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ পর ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বৌরালা ওই চিঠির জবাব পাঠান থর্নহিলের কাছে। চিঠিতে সিইও লেখেন, ‘আমি তোমাকে জানাতে চাই যে আমরা বিশ্বজুড়ে মানুষের মধ্যে আশাজাগানোয় সহায়তা করতে যা যা করা সম্ভব, তার সবই করছি। আমরা নিশ্চিতভাবেই সান্তা ও এলভরাদেরও প্রয়োজনটিও দেখব।’
ক্যামালা থর্নহিলের চিঠিটি নিজের লিংকডইন–এ শেয়ার করেছেন ফাইজারের সিইও। চিঠিটি নিয়ে তিনি লিখেছেন, ‘শিশুদের কাছ থেকে এই ধরনের সহানুভূতি ও আশাপূর্ণ চিঠিই আমাদের মনে করিয়ে দেয়, প্রতিদিন যে কাজ করি, তা কেন গুরুত্বপূর্ণ।’
মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক যৌথভাবে করোনার টিকা তৈরি করছে। যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদন দেয়। পশ্চিমা দেশে ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকাই প্রথম অনুমোদন পায়। টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও (ইইউ)।