সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

টেলিটক বাদে যেকোনো মোবাইল নম্বর থেকে SUST EXAMROLL লিখে ১৬২৪২ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। টেলিটকে SUST HELP RESULT EXAMROLL লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফল পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

ফল প্রকাশের সময় ভর্তি কমিটির সভাপতি নিয়াজ আহম্মেদ, সদস্যসচিব এ এইচ এম বেলায়েত হোসেন, ভর্তির কারিগরি কমিটির সভাপতি মো. রেজা সেলিমসহ ভর্তি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভর্তি কমিটির সভাপতি নিয়াজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘এ বছর সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যাবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে মেধাতালিকা থেকে ভর্তি শুরু হবে।’

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে এ বছর মোট ৫৪ হাজার ৩৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছিলেন। গত শনিবার সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের এবং বেলা আড়াইটায় ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।