স্কুলশিক্ষার্থীর করোনা, থিম্পু ৪৮ ঘণ্টার লকডাউনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানে এক স্কুলশিক্ষার্থীর দেহে ভাইরাস শনাক্তের পর কঠোর অবস্থানে গেল দেশটির প্রশাসন। আট বছর বয়সী ওই শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্তের পরই ভুটানের রাজধানী থিম্পু লকডাউন করে দেওয়া হয়েছে। শনিবার (১২ জুন) সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে পরবর্তী ৪৮ ঘণ্টা।

বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার দেড় বছর পর ভুটানে এ ঘটনা ঘটল। দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন। লকডাউনের পর কী কী করণীয়, তিনি তা–ও পেজে জানিয়েছেন।

শনিবার দুপুরের দিকে থিম্পুর ড্রুক স্কুলের এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তড়িঘড়ি করে শহরে লকডাউন ঘোষণা করে দেশটি।

লকডাউন
প্রতীকী ছবি

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ওই শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যদিও আরটি-পিসিআর টেস্টে রিপোর্ট এসেছে নেগেটিভ। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ওই শিক্ষার্থীর আবারও করোনা পরীক্ষা করা হবে। এ ছাড়া এ লকডাউনের সময় থিম্পুজুড়ে সবার করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

থিম্পুর একটি বিদ্যালয়ে নিয়মমাফিক অ্যান্টিজেন টেস্ট চলছিল। সেই পরীক্ষায় এক শিক্ষার্থীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপরই তাৎক্ষণিকভাবে রাজধানী শহরে লকডাউন জারি করার সিদ্ধান্ত নেয় সরকার।

করোনা প্রতিরোধী ফাইজারের টিকা
ফাইল ছবি: রয়টার্স

ঘোষিত লকডাউনে থিম্পুতে ঢোকার সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং দেশের নাগরিকদের বলেছেন, ‘আজ আমরা আরও একটি বাস্তবতার মুখোমুখি হয়েছি। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে অনুগ্রহ করে এত দিন যেভাবে করেছেন সেভাবেই সহযোগিতা করুন। আমরা সবাই মিলে এই ভাইরাসকে মোকাবিলা করব।’

লোটে শেরিংয়ের ফেসবুক পেজে জনগণের জন্য করণীয় কী কী, তা মুহূর্তে মুহূর্তে হালনাগাদ করা হচ্ছে।