স্টেট ইউনিভার্সিটির অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল আজ শনিবার, ১৯ ডিসেম্বর। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাত হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীর হাতে ১২ হাজার, ৮ হাজার ও ৫ হাজার টাকা নগদ পুরস্কার এবং বিভিন্ন স্যুভেনির তুলে দেন এসইউবির উপাচার্য মো. আনোয়ারুল কবির। একই সঙ্গে অন্য ১০ বিজয়ীকে মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন বই ও স্যুভেনির পুরস্কার হিসেবে দেওয়া হয়।
অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য মো. আনোয়ারুল কবির বলেন, স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ সাধনের লক্ষ্যে শ্রেণিকক্ষবহির্ভূত নানা নান্দনিক বিষয় নিয়ে সারা বছর বিভিন্ন ধরনের সেমিনার, কর্মশালা, কুইজ ইত্যাদির আয়োজন করে থাকে। তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে এ ধরনের কার্যক্রমকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসইউবি তার শিক্ষা কার্যক্রম বিশ্বমানের করে তোলার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসইউবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান বলেন, এসইউবি শিক্ষার্থীদের জ্ঞানমুখী ও অধ্যয়ন অনুরাগী করে তোলার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন সে প্রচেষ্টারই অংশ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসবিন মাহবুব। তিনি বলেন, প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত। আর বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করা তো অবশ্যই আরও বেশি আনন্দের। তিনি এসইউবি কর্তৃক দেশভিত্তিক এ প্রতিযোগিতা আয়োজনের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন যে এসইউবি আগামী দিনেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করলে আরও প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইউবির উপরেজিস্ট্রার ফারহানা শারমিন। বিজ্ঞপ্তি