স্ট্যান্ড আপ কমেডি: পাগলামি থেকে পেশা
‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’–এর বাংলা কী?
মঞ্চে দাঁড়িয়ে দর্শকের সামনে যাঁরা কৌতুক পরিবেশন করেন, এ রকম একটা কিছু আপনি বলতেই পারেন। তবে আহমেদ আশিক, আমিন হান্নান, রাফসান সাবাব ও আনন্দ মজুমদার অত ব্যাখ্যায় যেতে চাইলেন না। তাঁদের কাছে স্ট্যান্ড আপ কমেডিয়ানের সরল বাংলা হলো ‘পাগল’! এই চার তরুণের পাগলামির পেছনের গল্প, অনুপ্রেরণা, স্বপ্ন, আরও নানা বিষয়ে আলাপ করব বলে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। চাকরির সুবাদে আশিক এখন আছেন দেশের বাইরে, কানাডায়। তাই আমাদের আড্ডাটা অনলাইনেই সারতে হলো।
সহজ কম্মো নয়
চট্টগ্রামের ছেলে আহমেদ আশিক ও আমিন হান্নান। লন্ডন ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে আশিক এখন কানাডায় চাকরি করছেন। আর আমিন দেশেরই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ‘ম্যাড কফি’ নামের একটা উদ্যোগ চালু করেছেন। কমেডির মাধ্যমে দুজনের বন্ধুত্বের শুরু। একসঙ্গে মঞ্চে পারফর্ম করেন। ফেসবুক-ইউটিউবের জন্য ছোট ছোট ভিডিও কনটেন্টও বানান তাঁরা। দুজনের কাজ সম্পর্কে পরিবারের লোকজন অবশ্য এখনো খুব একটা ওয়াকিবহাল নন। আশিক বলছিলেন, ‘আমার আম্মু মনে করে, আমি স্টেজে উঠে নাচি।’ অন্যদিকে আমিনের অনুরোধ, ‘লেখাটা যেদিন প্রকাশিত হবে, সেদিন চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় পত্রিকা না দিলে হয় না?’
কমেডি করা যে সহজ কাজ নয়, এই তো কয়দিন আগেই অস্কারের মঞ্চে চড় খেয়ে ক্রিস রক হাড়ে হাড়ে টের পেয়েছেন। বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে কমেডি করা আরও কঠিন। কেন? আমিন বললেন, ‘আপনার প্রশ্নের উত্তর হলো—আমি আসলে উত্তরটা দিতে ভয় পাচ্ছি। এবার বুঝে নিন।’
আনন্দ মজুমদার কীভাবে কমেডির দুনিয়ায় এলেন? তাঁর সহজ উত্তর, ‘ভার্সিটি থেকে ড্রপ আউট হওয়ার পর ভাবছিলাম এমন কী করা যায়, যাতে কোনো অভিজ্ঞতা লাগে না। ব্যস, এই পথে চলে এলাম। আমি আসলে অন্য কিছু পারি না।’
চারজনের মধ্যে রাফসান সাবাবের পরিচিতি বোধ হয় একটু বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব৵বসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে পাস করে তিনি এখন টেন মিনিট স্কুলে চাকরি করছেন। ‘হোয়াট আ শো’ নামে রাফসান অনলাইনে একটি টক শো করেন। এ ছাড়া অনলাইন-অফলাইন নানা অনুষ্ঠানে উপস্থাপনার জন্য তাঁর ডাক পড়ে।
কমেডি করা যে সহজ কাজ নয়, এই তো কয়দিন আগেই অস্কারের মঞ্চে চড় খেয়ে ক্রিস রক হাড়ে হাড়ে টের পেয়েছেন। বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে কমেডি করা আরও কঠিন। কেন? আমিন বললেন, ‘আপনার প্রশ্নের উত্তর হলো—আমি আসলে উত্তরটা দিতে ভয় পাচ্ছি। এবার বুঝে নিন।’
চারজনই মানলেন—লোক হাসানো বড় বিপজ্জনক কাজ। অনলাইনে লোকের কটু কথা, গালাগাল শুনতে হয় প্রতিনিয়ত। তবু ট্রল-টিপ্পনীর ভয় উপেক্ষা করেই রাফসান বলেন, ২০৪০ সালের অস্কার উপস্থাপনা করার স্বপ্ন তাঁর। শুনে আশিক ফোড়ন কাটলেন, ‘আগে মেরিল–প্রথম আলো পুরস্কারটা হোস্ট করে দেখাও। অস্কার পরে দেখা যাবে।’
কমেডিয়ানের ক্যারিয়ার
আশিক, আমিন আর আনন্দের মতে, পেশা হিসেবে স্ট্যান্ড আপ কমেডি খুব একটা সুবিধাজনক কিছু নয়। অনলাইনে লোকে ভিডিও দেখে মজা পায়। কিন্তু পয়সা খরচ করে লাইভ শো দেখার মতো দর্শক কম। স্ট্যান্ড আপ কমেডি থেকে টাকা আয় করার মতো পরিস্থিতি আমাদের দেশে এখনো হয়নি। রাফসান অবশ্য পুরোপুরি একমত নন। ফেসবুকে তাঁর স্ট্যান্ড আপ কমেডির একেকটি ভিডিও থেকে আয় হয় প্রায় ৩০০-৪০০ ডলার। তিনি বলছিলেন, ‘বাইরের দেশে কমেডিয়ানদের একটা ইন্টেলেকচুয়াল ইমেজ আছে। বুদ্ধিদীপ্ত কাজ হিসেবে একটা সম্মান আছে। আমাদের দেশে স্ট্যান্ড আপ কমেডিয়ান মানে স্রেফ কৌতুক অভিনেতা।’
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কমেডি ফেস্টিভ্যালে সেরা পুরুষ কমেডিয়ানের স্বীকৃতি পেয়েছিলেন বাংলাদেশের নাভিদ মাহবুব। দেশে ফিরে বেশ কয়েক বছর ধরেই তিনি স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কাজ করছেন। গড়ে তুলেছেন নাভিদ’স কমেডি ক্লাব। তিনি বলেন, ‘যাঁরা একেবারেই ভিন্ন রকম ট্যালেন্টের অধিকারী, কমেডি তাঁদের জন্যই। একজন ভালো শিল্পী একটা ভালো গান ১০০ বার গাইলেও সেটা জনপ্রিয় থাকবে, মানুষ আগ্রহ নিয়ে গান শুনবে। কিন্তু একজন কমেডিয়ান একই গল্প স্টেজে ৪-৫ বার বলার পর আর মজা থাকে না। প্রতিনিয়ত কষ্ট করে নিজেকে তৈরি করতে হয় এই শিল্পে।’ নাভিদ মাহবুবের কথায় মনে পড়ে গেল কমেডির রাজা চার্লি চ্যাপলিনের কথা। প্রয়াত এই ব্রিটিশ অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা বলেছিলেন, লং শটে অর্থাৎ, দূর থেকে জীবনটা কমেডি। ক্লোজ শট অর্থাৎ, কাছ থেকে দেখলে সেটাই ট্র্যাজেডি।
তবু নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের তরুণ স্ট্যান্ড আপ কমেডিয়ানদের দল। তারা মনে করে, বাংলাদেশে স্ট্যান্ড আপ কমেডি শিল্পের গড়ে ওঠার সময় এখনই। ভেন্যু বাড়ছে, শো বাড়ছে, বাড়ছে দর্শকও। আনন্দ মজুমদার বলছিলেন, ‘শো শেষে আপাতত গাড়ি ভাড়াটা ওঠাতে পারলেই খুশি।’ দিন শেষে মানুষকে আনন্দ দেওয়াতেই তো আনন্দের আনন্দ।