হোটেল নয়, হোম কোয়ারেন্টিন চান যুক্তরাজ্য গমনে ইচ্ছুক শিক্ষার্থীরা
যুক্তরাজ্য সরকার বাংলাদেশসহ কেনিয়া, পাকিস্তান ও ফিলিপাইনকে রেড লিস্টভুক্ত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় গত ২ এপ্রিল। এর ধারাবাহিকতায় ৭ মে থেকে বাংলাদেশ যুক্তরাজ্যের রেড লিস্টভুক্ত দেশগুলোর মধ্যে আছে। ফেব্রুয়ারিতে হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সময় ৩০টি দেশ এই তালিকাভুক্ত থাকলেও যুক্তরাজ্যের রেড লিস্টে বর্তমানে বাংলাদেশসহ ৬০টি দেশ রয়েছে।
১২ আগস্ট থেকে যুক্তরাজ্যে হোটেল কোয়ারেন্টিনে অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। আগের ১ হাজার ৭৫০ পাউন্ড থেকে ৫০০ পাউন্ড বাড়িয়ে ২ হাজার ২৮৫ পাউন্ড করা হয়েছে। হঠাৎ করে অর্থের পরিমাণ বাড়ানোয় যুক্তরাজ্যে গমনে ইচ্ছুক শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এমন বাস্তবতায় বাংলাদেশ থেকে শিক্ষার্থীসহ যাঁরা যুক্তরাজ্য যেতে চাচ্ছেন, তাঁরা টাকার পরিমাণ কমানো ও হোম কোয়ারেন্টিন দাবি করেছেন। যুক্তরাজ্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী লাল তালিকায় থাকা দেশগুলো থেকে যুক্তরাজ্যে প্রবেশ করতে হলে বাধ্যতামূলক এই অর্থ পরিশোধ করতে হবে।
চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে যুক্তরাজ্য সরকার জানায়, লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে প্রবেশ করতে হলে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে। হোটেল কোয়ারেন্টিন বাবদ অগ্রিম পরিশোধ করতে হবে ১ হাজার ৭৫০ পাউন্ড। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই নিয়ম কার্যকর হয়। আগস্ট মাসে দেশটির সরকার লাল তালিকায় পরিবর্তন আনে। ভারত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে লাল থেকে বাদ দেওয়া হয়। ফলে এই দেশগুলোর ভ্রমণকারীদের যুক্তরাজ্যে আসার পরে আর ১০ দিন একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে না। হঠাৎ করে অর্থের পরিমাণ বাড়ানোয় বাংলাদেশ থেকে যুক্তরাজ্য গমনে ইচ্ছুকরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় বাংলাদেশ থেকে শিক্ষার্থীসহ যারা যুক্তরাজ্য যেতে চাচ্ছেন, তাঁরা টাকার পরিমাণ কমানো ও হোম কোয়ারেন্টিন দাবি করেছেন। বিষয়টি নিয়ে সম্প্রতি শিক্ষার্থীরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, ‘চলতি বছরের ৭ মে থেকে বাংলাদেশ যুক্তরাজ্যের রেড লিস্টভুক্ত দেশগুলোর মধ্যে আছে। বাংলাদেশ থেকে অসংখ্য ছাত্রছাত্রী এই সময়টায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিমধ্যে যাওয়া শুরু করে দিয়েছেন। যেহেতু সেশন/ক্লাস শুরু সেপ্টেম্বর/অক্টোবরের দিকে।
একটি জিনিস উল্লেখ না করলেই না, যখন যুক্তরাজ্য আমাদের রেড লিস্টভুক্ত দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করে, তখন আমাদের পর্যাপ্ত টিকা ছিল না। আশার কথা হচ্ছে, বাংলাদেশে এখন পর্যাপ্ত টিকা আছে এবং আসছে। সেই সঙ্গে শিক্ষার্থীরা পাচ্ছেনও। আমাদের অনেকেই টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। একজন ছাত্র/ছাত্রী দুই ডোজ টিকা নেওয়ার পর যদি কোয়ারেন্টিনে থাকতে হয়, তাহলে সেখানে হোম কোয়ারেন্টিন দেওয়া হোক।’
এর কারণ হিসেবে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘একজন শিক্ষার্থীর পক্ষে ২ হাজার ২৮৫ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৭৩ হাজার টাকার মতো খরচ দিয়ে হোটেল কোয়ারেন্টিন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।’
এদিকে যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষার্থীদের উদ্যোগে অনলাইনে (https://petition.parliament.uk/petitions/582789) পিটিশন চালু করা হয়েছে। যেখানে ১০ হাজার স্বাক্ষর হলেই বিষয়টি সরকারের নজরে পড়বে। ইতিমধ্যে সেখানে ৪ হাজার ৮৭০ জন (২৩ আগস্ট পর্যন্ত) স্বাক্ষর করেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বরাতে জানা যায়, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপকে (এপিপিজি) বাংলাদেশকে ‘লাল তালিকায়’ রাখার বিষয়টি অবহিত করেছেন। বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করলে বিষয়টি দ্রুত সমাধানে আসবে বলে মনে করেন শিক্ষার্থীরা। তবে ইতিমধ্যে দ্বিতীয় ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরা যুক্তরাজ্যে যাওয়ার পরে হোটেলের পরিবর্তে হোম কোয়ারেন্টিন থাকতে পারেন, সে বিষয়ে দ্রুত সমঝোতায় আসার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করছেন।
* লেখক: শিক্ষার্থী