২১ অক্টোবর জাবি খোলার সুপারিশ অ্যাকাডেমিক কাউন্সিলের
দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী ও লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমার ছুটি শেষে আগামী ২১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খোলার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল।
বুধবার সন্ধ্যা ছয়টা থেকে দিবাগত রাত ১২ টা পর্যন্ত অনলাইনে চলা অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে আগামী ২ অক্টোবর অনুষ্ঠেয় সিন্ডিকেটের সভায়। কাউন্সিলের কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে কথা বলে এ সুপারিশের বিষয়ে জানা গেছে।
সংশ্লিষ্ট শিক্ষকেরা জানান, হলে ওঠার আগে সব শিক্ষার্থীকে অন্তত এক ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক। বাকি এক ডোজ টিকা বিশ্ববিদ্যালয়ে বুথ স্থাপন করে দেওয়ার সুপারিশ করা হয়েছে।
ওই শিক্ষকেরা আরও জানান, যেহেতু ১৮ মাস আবাসিক হলগুলো বন্ধ ছিল, তাই স্বাভাবিকভাবেই হলের ভাড়া মওকুফ করার কথা। কিন্তু শিক্ষার্থীদের অনেকেই সে ভাড়া পরিশোধ করেছেন। তাই ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮ মাসের ভাড়া মওকুফ করার জন্য অ্যাকাডেমিক কাউন্সিল সুপারিশ করেছে।