ঢাবির অণুজীববিজ্ঞান বিভাগ: ৩ শিক্ষক নিয়োগে প্রশ্নবিদ্ধ সুপারিশই বহাল সিন্ডিকেটে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে তিনজনকে নিয়োগ দিতে বাছাই বোর্ডের করা সুপারিশ নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে গত ফেব্রুয়ারিতে সুপারিশ রিভিউ (অধিকতর যাচাই) করার জন্য গঠন করা হয় কমিটি। সুপারিশ নিয়ে ওঠা প্রশ্নের কোনো ‘যৌক্তিকতা’ পায়নি রিভিউ কমিটি।
গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় ওই তিনজনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে অণুজীববিজ্ঞান বিভাগে প্রভাষকের তিন পদে নিয়োগের জন্য ১৬ প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। সেখান থেকে তিনজনের নাম সুপারিশ করে বাছাই বোর্ড। কিন্তু ওই সুপারিশ নিয়ে অভিযোগ ওঠে, স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম স্থান অধিকারী একজন ও পিএইচডি ডিগ্রিধারী পাঁচ প্রার্থীকে বাদ দিয়ে ওই বিভাগের একাডেমিক ফলাফলে চতুর্থ ও দশম স্থানে থাকা দুজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় ওই সুপারিশ অনুমোদনের জন্য ওঠে। তবে সুপারিশ নিয়ে অভিযোগ থাকায়, তা গ্রহণ না করে অধিকতর যাচাইয়ের জন্য একটি রিভিউ কমিটি করে দেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
ওই বাছাই বোর্ডের প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ। ওই সময় তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘একাডেমিক ফলাফলে যাঁরা প্রথম দশে থাকেন, তাঁরা মেধা ও ফলাফলের দিক থেকে প্রায় সমপর্যায়ের। শিক্ষক নিয়োগে ফলাফল ছাড়াও বাছাই বোর্ডে প্রার্থীর পারফরম্যান্স দেখা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলেই যে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে, সে রকম কোনো বাধ্যবাধকতা নেই।’ পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের বাদ দেওয়া বিষয়ে তিনি বলেন, ‘সবার কথা মনে নেই। তবে পিএইচডি ডিগ্রিধারী পাঁচজনের একজন ইতিমধ্যে সহকারী অধ্যাপক হিসেবে অন্য বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তাঁকে প্রভাষক পদে নেওয়ার যৌক্তিকতা নেই।’
গত জুনে দায়িত্বের মেয়াদ শেষ হলে সহ-উপাচার্য (শিক্ষা) পদে নাসরীন আহমাদের স্থলাভিষিক্ত হন এ এস এম মাকসুদ কামাল। আগের সুপারিশ ‘অধিকতর যাচাই’ করে গতকালের সিন্ডিকেট সভায় তিনি সেটি নিয়ে আসেন। জানতে চাইলে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা নতুন করে কোনো প্রার্থীর সাক্ষাৎকার নিইনি।
পূর্ববর্তী বাছাই বোর্ডের সদস্যদের দেওয়া তথ্য-উপাত্তের আলোকে নতুন সুপারিশ দেওয়া হয়েছে। ওই বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে, গ্রেডিং পদ্ধতিতে প্রার্থীদের যোগ্যতা প্রায় সমপর্যায়ের ছিল। একাডেমিক ফলাফলের পাশাপাশি সাক্ষাৎকারে প্রার্থীদের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তাঁরা সুপারিশ করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘আমরা জেনেছি, একজন প্রার্থীর একাডেমিক ফলাফল খুব ভালো থাকলেও তিনি নিজের একটি প্রকাশনার বিষয়ে প্রাথমিক তথ্যও দিতে পারেননি। এমন অনেক বিষয় থাকে।’
এদিকে সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে, প্রভাষক পদে নিয়োগ চূড়ান্ত হওয়া ওই তিনজন হলেন রাফিউল ইসলাম, এস এম তানজিল শাহ ও আবু সায়েম খান। আর বাদ পড়া পিএইচডি ডিগ্রিধারী পাঁচ প্রার্থী হলেন মোরশেদা মাহবুব, শুভ্র প্রকাশ নন্দী, জিনাত জেরিন হোসাইন, জান্নাতুল ফেরদৌস ও শারমিন জামান।
এ ছাড়া গতকালের সিন্ডিকেট সভায় অনুমোদন ছাড়া বিদেশে গিয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি করা হয়। ২০১৮ সালে নরওয়ের ইউনিভার্সিটি অব বারগেন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কিন্তু অভিযোগ উঠেছে, এ জন্য বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছুটি নেননি তিনি।