৫১ বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ সাড়ে ১০ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)

আগামী ২০২২-২৩ অর্থবছরে দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার ৫১৫ কোটি ৭১ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১০ হাজার ৪৪৪ কোটি টাকা। বাকি টাকা ইউজিসির জন্য। এবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ বিদায়ী অর্থবছরের চেয়ে বেড়েছে।

আজ সোমবার ইউজিসির পূর্ণ কমিশনের সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল বাজেটে ৬ হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব ব্যয় ও ৪ হাজার ৪২০ কোটি ৪৪ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ রয়েছে।

ইউজিসি জানিয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরে ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৯ হাজার ৫৭৭ কোটি ৯১ লাখ টাকা। এই হিসাবে আগামী অর্থবছরে বরাদ্দ বেড়েছে ৯৩৭ কোটি ৮০ লাখ টাকা। এবার সবচেয়ে বেশি রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রায় ৮৬৫ কোটি) টাকা। আর সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। নতুন এই বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৮৩ লাখ টাকা।

উচ্চশিক্ষায় ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য আসন্ন অর্থবছরে মূল বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ বেড়েছে ৩২ কোটি টাকা।

ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) দিল আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউজিসির সভায় বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন সংস্থাটির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য মো. আবু তাহের। আর কার্যপত্র তুলে ধরেন ইউজিসির সচিব ফেরদৌস জামান।

ইউজিসির এক বিজ্ঞপ্তি অনুযায়ী অধ্যাপক আবু তাহের সভায় বলেন, দেশের উন্নয়নে গুণগত গবেষণার কোনো বিকল্প নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য প্রথমবারের মতো ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জনগণের কষ্টার্জিত অর্থ স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন তিনি।

সভায় ইউজিসির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।