সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

শিক্ষা মন্ত্রণালয়ফাইল ছবি

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালী বহুপার্শ্বিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর এমপিও (মান্থলি পে অর্ডার বা বেতন-ভাতার সরকারি অংশ) স্থগিত করা হয়েছে।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মো. রুহুল আমিনের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে তাঁকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন আচরণ ও অসংলগ্ন কথা বলতে দেখা যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক আদেশে বলা হয়, ওই প্রধান শিক্ষকের এ ধরনের আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে ছাত্রছাত্রী, অভিভাবক ও সাধারণ মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুলশিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা ১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল। এ জন্য তাঁকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর এমপিও স্থগিত করা হয়েছে।