উচ্চশিক্ষা গ্রহণে বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) থেকে এ বছর গ্র্যাজুয়েট সম্পন্ন করা ব্যাচের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট ১৭ লাখ মার্কিন ডলার সমমূল্যের বৃত্তি পেয়েছেন।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ ব্যাচের ৩৮ শিক্ষার্থী তাঁদের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা গ্রহণ করেন। এখন তাঁরা শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। ইতিমধ্যেই এ ব্যাচের অনেক শিক্ষার্থী সিডনি ইউনিভার্সিটি, কিংস কলেজ লন্ডন, ম্যানচেস্টার ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, আমস্টারডাম ইউনিভার্সিটিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও হংকংয়ের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির সুযোগ পেয়েছেন।
আইএসডির শিক্ষার্থী নিয়াহরাহ মাহবুব নিউরোবায়োলজি নিয়ে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করবেন। তিনি বলেন, ‘প্লে গ্রুপ থেকে আইএসডিতে পড়াশোনার অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার অনুপ্রেরণা জুগিয়েছে। সময়ের সঙ্গে স্কুল ও আশপাশের পরিবেশের পরিবর্তন দেখে বুঝেছি, ছোট ছোট উদ্যোগও অন্যের জীবনে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।’
অনুষ্ঠানে আইএসডির পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, ‘আজ শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমা তুলে দেওয়ার মুহূর্তটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্যের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও পরিবারের নিরন্তর সহযোগিতা।’
বিশেষ অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও), বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, ‘একটি অর্থবহ ক্যারিয়ার ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের বিকাশের প্রধান ভিত্তি হলো শিক্ষা। আজকের বিশ্বে এমন তরুণদের প্রয়োজন, যারা বিশ্লেষণধর্মী চিন্তা করতে পারে, দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ধারণ করে। আজ এই কক্ষে শিক্ষার্থীদের উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিভার বৈচিত্র্য দেখে আমি ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী।’