ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আজ শুক্রবার বিজ্ঞান ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ২৭ হাজার ৭৫ জন। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় ৬৯ জন পরীক্ষার্থী।

ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে। বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ। উপাচার্য মো. আখতারুজ্জামান দেশের বাইরে রয়েছেন।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

বিজ্ঞান ইউনিটে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি আসন থাকছে। এই ইউনিটের মাধ্যমে ব্যবসায় শিক্ষা ও মানবিকের কিছু শিক্ষার্থীও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে। ওই পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। বিজ্ঞান ইউনিটের মাধ্যমে ব্যবসায় শিক্ষা শাখার ২৫ জন ও মানবিক শাখার ৫১ জন ভর্তি হতে পারবেন।

পাঁচটি ইউনিটের পরিবর্তে এবার থেকে চারটি ইউনিটের অধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে। ইতিমধ্যে বদলে ফেলা হয়েছে ইউনিটগুলোর নামও। আগে পরীক্ষা হতো ক, খ, গ, ঘ ও চ—পাঁচটি ইউনিটের অধীন। নতুন চারটি ইউনিটের নাম হচ্ছে—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।